পদত্যাগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
পদত্যাগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন
সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন। ছবি: ভিডিও থেকে নেওয়া

পদত্যাগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। আজ সোমবার (১৯ অক্টোবর) প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে নিজের পদত্যাগের কথা জানিয়েছেন তিনি।

পদত্যাগের ঘোষণা দিতে গিয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আমি মনে করি, আমার ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থের চেয়ে দেশের ভবিষ্যৎ এবং আমাদের সরকারের কর্মকাণ্ড অনেক বেশি গুরুত্বপূর্ণ। মাদকবিরোধী এই মহৎ অভিযান যেন কোনোভাবেই আমার কারণে বিতর্কিত না হয়, সেজন্য আমি নিজে থেকেই মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছি।’

এর আগে শনিবার রাজধানীর গেণ্ডারিয়ায় আগ্নেয়াস্ত্র উঁচিয়ে মাদকবিরোধী অভিযানে নামেন ইশরাক হোসেন। তার সঙ্গে থাকা ব্যক্তিদের হাতেও অস্ত্র ছিল। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। এ নিয়ে বিএনপি ও সরকারের ভেতরেও অস্বস্তি ও অসন্তোষ তৈরি হয়।

এরপর গতকাল রবিবার (১৮ অক্টোবর) সরকার-সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের একাধিক সূত্র থেকে জানা যায়, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে মন্ত্রীসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই প্রেক্ষাপটেই ইশরাক আজ পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

পদত্যাগের ঘোষণা দিতে গিয়ে ইশরাক গেণ্ডারিয়ার দয়াগঞ্জের ঘুণ্টিঘর এলাকায় নিজের মাদকবিরোধী অভিযান এবং সেখানে অস্ত্র উঁচিয়ে ধরার কারণ ব্যাখ্যা করেন। সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আমাদের ওপর হামলা বা অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং আমার নিজের ব্যক্তিগত সুরক্ষার জন্য আমার কাছে থাকা লাইসেন্সকৃত বৈধ আগ্নেয়াস্ত্রটি আমি হাতে নিই। ভাইরাল হওয়া ভিডিওটিতে মূলত আমি এটিই নিশ্চিত করার চেষ্টা করেছি যে তাদের কাছে কোনো অস্ত্র আছে কি না এবং পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর আমি আমার অস্ত্রটি পকেটে ঢুকিয়ে ফেলি।’

মাদকবিরোধী অভিযানে ইশরাক
মাদকবিরোধী অভিযানে ইশরাক

তার মাদকবিরোধী অভিযানকে মিডিয়া ভুল পথে প্রবাহিত করার চেষ্টা করেছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করেন ইশরাক, ‘অত্যন্ত দুঃখের বিষয় হলো, আমাদের এই মহৎ উদ্যোগ এবং মাদক নির্মূলের আসল উদ্দেশ্যকে পাশ কাটিয়ে মূলধারার কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে কেবল একটি নির্দিষ্ট ছবিকে কেন্দ্র করে নেতিবাচক প্রোপাগান্ডা চালানো হয়। অস্ত্র, ইশরাক, মাদক– এই শব্দগুলো সামনে রেখে এমনভাবে সংবাদ পরিবেশন করা হয়, যা আমাকে ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত করেছে এবং আমাদের সরকারকে বিব্রত করেছে।’

প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালেও মাদকের বিরুদ্ধে তার অভিযান অব্যাহত থাকবে জানিয়ে ইশরাক বলেছেন, ‘আপনাদের সামনে স্পষ্টভাবে বলতে চাই— আমি ব্যক্তিগত বা দলীয় কোনো স্বার্থে নয়, বরং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচানোর জন্য মাদকের বিরুদ্ধে এই যুদ্ধ ঘোষণা করেছি। এটা অব্যাহত রাখব।’

এ ক্ষেত্রে প্রধানমন্ত্রী তারেক রহমানের সমর্থন পেয়েছেন বলেও জানান ইশরাক, ‘মাননীয় প্রধানমন্ত্রী আমার কথা শুনেছেন এবং সদয় সম্মতি জানিয়ে বলেছেন— কাজ শুরু করেছো, চালিয়ে যাও, এলাকা ঠিক করো।’

মাদক নির্মূলে দেশের মানুষের কাছে সহযোগিতাও চেয়েছেন ইশরাক। তিনি বলেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ নিয়ে আমরা ঢাকা-৬ এলাকাসহ পুরো দেশ থেকে এই অভিশাপ চিরতরে দূর করতে বদ্ধপরিকর। যারা এতদিন অপপ্রচার চালিয়েছেন, তাদের বলব— আমাদের সমালোচনা না করে তথ্য দিয়ে সহযোগিতা করুন, কোথায় মাদক আছে আর কারা এর পেছনে জড়িত, তা চিহ্নিত করুন।’

/আরএ/