ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন
নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন

নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন মারা গেছেন।

শনিবার (১০ অক্টোবর) সকাল ৭টায় কলকাতার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

জানা গেছে, ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘ দুই বছরেরও বেশি সময় ধরে ভারতে চিকিৎসাধীন ছিলেন তিনি। সম্প্রতি শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ও শ্বাসকষ্টজনিত জটিলতা দেখা দেওয়ায় গত ৪ অক্টোবর তাকে কলকাতার অ্যাপোলো হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছিল। সেখানে টানা চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

এক শোকবার্তায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম লিখেছেন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, আমাদের সকলের অত্যন্ত প্রিয়, আমার ভাই, সহযোদ্ধা, সুখ-দুঃখের সাথী,পরম স্নেহের মাহফুজুল হায়দার চৌধুরী রোটন আমাদের মাঝে আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ছোট ভাইয়ের মতো স্নেহস্পদ ও রাজপথের সহযোদ্ধাকে হারানোর বেদনা ভাষায় প্রকাশ করার মতো নয়। এত দ্রুত রোটন আমাদের মাঝে নেই ভাবতেই খুব কষ্ট হচ্ছে।

মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের বাড়ি চট্টগ্রামের রাউজানে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন এবং ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া ছাত্রজীবন শেষে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন।

/এসবি/