গণভোটের রায়কে অস্বীকার করায় সংকট তৈরি হয়েছে: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
গণভোটের রায়কে অস্বীকার করায় সংকট তৈরি হয়েছে: জামায়াত আমির
বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা.শফিকুর রহমান।

বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গণভোট-জনগণের রায়কে অস্বীকার ও জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসির কারণেই সংকট তৈরি হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জামায়াত আমির এই মন্তব্য করেন। আজই তিনি অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে বিরোধী দলগুলোর সঙ্গে সংলাপ ও জাতীয় ঐক্যের ডাক প্রসঙ্গে জামায়াত আমির ডা. শফিকুর রহমান জানান, সংসদের চতুর্থ অধিবেশনের শেষ দিনে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে এক অনানুষ্ঠানিক চা-চক্রে দেশের আইনশৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি নিয়ে তার সঙ্গে আলোচনা হয়েছে। পরবর্তীতে প্রধানমন্ত্রী সংসদে ঐক্যের আহ্বান জানান, যাকে তিনি সম্মান করেন।

জামায়াত আমির পরিস্থিতি মোকাবিলায় দীর্ঘস্থায়ী ঐক্যে যাওয়ার ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘আমাদের টেকসই ঐক্যের দিকে যেতে হবে। চব্বিশের গণঅভ্যুত্থানের পক্ষগুলোর মধ্যে ফাটল ধরার কারণ উল্লেখ করে তিনি বলেন, গণভোট ও জনগণের রায়কে অস্বীকার করা এবং ‘জুলাই চার্টার’ বাস্তবায়নে গড়িমসি করে সংবিধান সংশোধন পরিষদ গঠনের কারণেই এই সংকট তৈরি হয়েছে। এই বিষয়গুলো পরিষ্কার করা হলে দেড় যুগ ধরে তাণ্ডব চালানো ফ্যাসিবাদী শক্তি আর বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পাবে না। রাজনীতি করতে হলে মাফিয়া আচরণ ছেড়ে রাজনীতির ফরম্যাটেই ফিরে আসতে হবে।

১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার বিষয়ে ডা. শফিকুর রহমান তাকে পলাতক প্রধানমন্ত্রী ও ফ্যাসিজমের জন্মদাতা হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, ‘যখন বিচারিক প্রক্রিয়া চলছিল, তখন তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আদালতে হাজির হননি বা আপিলও করেননি। এখন তার কোন কথা মানুষ বিশ্বাস করবে?’

/বিবি/