মেজর (অব.) আক্তারুজ্জামানের গ্রেপ্তারে জামায়াতের নিন্দা

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
মেজর (অব.) আক্তারুজ্জামানের গ্রেপ্তারে জামায়াতের নিন্দা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো

বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আক্তারুজ্জামানের গ্রেপ্তারের নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি তার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করে অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে।

আজ শুক্রবার (২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এ দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, পবিত্র ওমরা পালন শেষে গতকাল বৃহস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেশে ফেরেন মেজর (অব.) আক্তারুজ্জামান। বিমানবন্দরে তিনি হয়রানি ও ভোগান্তির শিকার হন বলে অভিযোগ করে এর প্রতিবাদ জানান। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সংশ্লিষ্টদের হয়রানি বন্ধের দাবি জানান তিনি।

মিয়া গোলাম পরওয়ারের দাবি, বিমানবন্দরে যাত্রী হয়রানি ও লাগেজ নিয়ে অসদাচরণের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুই কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। পুলিশও জানিয়েছে, ঘটনার সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীর সাক্ষ্যসহ বিভিন্ন আলামত সংগ্রহ করে তদন্ত করা হবে। কিন্তু তদন্ত শুরুর আগেই গতকাল রাতে আক্তারুজ্জামানের বিরুদ্ধে মামলা করা হয় এবং আজ সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘তদন্তের আগেই’ আক্তারুজ্জামানের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের ঘটনা উদ্দেশ্যমূলক। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দীর্ঘদিন ধরে যাত্রী হয়রানি ও অব্যবস্থাপনার অভিযোগ রয়েছে বলেও দাবি করেন জামায়াতের এই নেতা। অপ্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ, দীর্ঘ সময় অপেক্ষায় রাখা, অসম্মানজনক আচরণ, লাগেজ নিয়ে হয়রানি, মূল্যবান সামগ্রী হারানো, তথ্যের ঘাটতি এবং এক কাউন্টার থেকে অন্য কাউন্টারে ঘোরানোর মতো অভিযোগের কথা উল্লেখ করেন তিনি। নারী, অসুস্থ ও বয়স্ক যাত্রীরাও অতিরিক্ত ভোগান্তির শিকার হন বলে দাবি করেন তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, মেজর (অব.) আক্তারুজ্জামানসহ বিমানবন্দরে ভোগান্তির শিকার হওয়া যাত্রীদের বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে। একই সঙ্গে যাত্রী হয়রানি ও অব্যবস্থাপনার জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

বিবৃতিতে আক্তারুজ্জামানকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়ার পাশাপাশি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধ, সেবার মান নিশ্চিত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহি প্রতিষ্ঠার দাবি জানানো হয়।

/এমআর/