মতপ্রকাশের স্বাধীনতার নামে সহিংসতায় উসকানি নয়: ইইউ রাষ্ট্রদূত

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
মতপ্রকাশের স্বাধীনতার নামে সহিংসতায় উসকানি নয়: ইইউ রাষ্ট্রদূত
জাতীয় প্রেসক্লাবে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার

মতপ্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকারের পক্ষে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তবে এই স্বাধীনতার নামে কোনো ব্যক্তি বা সংগঠন সহিংসতায় উসকানি দিতে পারে না। একইভাবে বিদ্বেষ ছড়ানোও গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার।

সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) আয়োজিত ‘ডিকাব টক’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশের চলমান রাজনৈতিক সহিংসতা নিয়ে এক প্রশ্নের জবাবে মাইকেল মিলার বলেন, গণতান্ত্রিক সমাজে প্রত্যেকের ভিন্নমত প্রকাশের অধিকার রয়েছে। তবে কোনো কর্মকাণ্ড বেআইনি হলে, জনশৃঙ্খলা ও জননিরাপত্তা বিঘ্নিত করলে কিংবা কোনো ব্যক্তি বা সংগঠন সংঘাত এড়ানোর পরিবর্তে তাতে উৎসাহ দিলে তা গ্রহণযোগ্য হতে পারে না।

ইইউ রাষ্ট্রদূত বলেন, আইনের শাসন ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে প্রতিষ্ঠিত ইউরোপীয় ইউনিয়ন মতপ্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকার সমর্থন করে। তবে সংঘাতের উসকানি ও বিদ্বেষ ছড়ানোর বিরোধী সংস্থাটি।

সাম্প্রতিক সংঘাতের পরিপ্রেক্ষিতে ইইউর কার্যক্রমে কোনো বাধা আসবে কি না, জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশে বর্তমানে নানা ধরনের চ্যালেঞ্জ রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সরকারের নেওয়া পদক্ষেপ যেন পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়, সে বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় ইইউ গুরুত্ব দিয়ে আসছে। তাঁর বিবেচনায়, সহিংসতা নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপ আনুপাতিক ছিল।

বাংলাদেশে স্থিতিশীলতা প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দিয়ে মাইকেল মিলার বলেন, এ জন্য অতীতে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের বিচার ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। পাশাপাশি আইনের শাসন বজায় রাখা, সংঘাত পরিহার এবং জনশৃঙ্খলা ও নিরাপত্তার প্রতি শ্রদ্ধাশীল হওয়া জরুরি।

রাজনৈতিক সংস্কারে সময় লাগবে

বাংলাদেশের রাজনৈতিক রূপান্তর ও সংস্কারপ্রক্রিয়া নিয়ে মাইকেল মিলার বলেন, রাজনৈতিক বিবর্তন একটি জটিল প্রক্রিয়া। এটি রাতারাতি সম্ভব নয়, বরং এ জন্য অনেক বছর সময় প্রয়োজন। ইউরোপের বিভিন্ন দেশও রাজনৈতিক রূপান্তরের সময় একই ধরনের সংকট ও সংগ্রামের মধ্য দিয়ে গেছে।

সংস্কারপ্রক্রিয়ায় সমর্থনের বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে স্পষ্ট বার্তা দিতে নির্বাচনের পর থেকেই সরকারের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে ইইউ। জাতীয় সংসদে নির্বাচিত হয়ে আসা রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কার এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বৃহত্তর ঐকমত্য প্রত্যাশা করে সংস্থাটি।

বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে ইইউ রাষ্ট্রদূত বলেন, দেশের নিরাপত্তা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে বলে তাঁর পূর্ণ আস্থা রয়েছে। তৈরি পোশাকশিল্পের মজুরি পরিস্থিতিরও উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

গণতন্ত্র শুধু নির্বাচন নয়

আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রাখা ও পুনরায় চালুর বিষয়ে বিপরীতমুখী বক্তব্যের পরিপ্রেক্ষিতে দলটির বিষয়ে ইইউর অবস্থান জানতে চাওয়া হয়। জবাবে মাইকেল মিলার বলেন, এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের কোনো অবস্থান নেই। এটি তাঁর ব্যক্তিগত মন্তব্য হলেও অন্তর্বর্তী সরকারের নেওয়া পদক্ষেপ এখনো কার্যকর রয়েছে বলে তাঁরা জানেন।

তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নাগরিক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে আস্থার সংকট তৈরি হয়েছিল। সেই সংকট কাটিয়ে উঠতে বাংলাদেশকে সহযোগিতা করতে চায় ইইউ।

মাইকেল মিলারের ভাষায়, গণতন্ত্র কেবল নির্বাচন বা জাতীয় সংসদের বিষয় নয়। এর সঙ্গে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা ও নাগরিকদের সঙ্গে এসব প্রতিষ্ঠানের আস্থার সম্পর্কও জড়িত।

অনুষ্ঠানে ডিকাব সভাপতি এ কে এম মঈনউদ্দিন ও সাধারণ সম্পাদক ইমরুল কায়েস বক্তব্য দেন।

/এমআর/