প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের সংলাপ চলছে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের সংলাপ চলছে
(বাঁ থেকে) প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সচিবালয়ে এনসিপি চার সদস্যের প্রতিনিধিদল

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সংলাপে অংশ নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার সদস্যের প্রতিনিধিদল। বর্তমানে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক চলছে বলে জানা গেছে।

এর আগে, সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টার দিকে এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধিদলটি সচিবালয়ে প্রবেশ করে।

প্রতিনিধিদলে রয়েছেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন এমপি, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এমপি এবং যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আকরাম হোসাইন।

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সাম্প্রতিক সহিংসতা ও জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে প্রধানমন্ত্রীর উদ্যোগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের অংশ হিসেবে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

এর আগে, গত ১৮ নভেম্বর জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা ও সাম্প্রতিক সহিংসতার পরিপ্রেক্ষিতে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গেও এ বিষয়ে আলোচনা করেন তিনি।

প্রধানমন্ত্রীর ঐক্যের আহ্বানে ইতিবাচক হিসেবে দেখছে এনসিপি। এই লক্ষ্যে সংলাপের বিষয়ে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিয়েছে দলটি। এরই ধারাবাহিকতায় আজ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন এনসিপি নেতারা।

/এফআর/