বাব আল-মান্দেব প্রণালি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি হুথিদের

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
বাব আল-মান্দেব প্রণালি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি হুথিদের
বাব আল-মান্দেব প্রণালি

ইয়েমেনের কৌশলগত বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে হুথি বিদ্রোহীরা। আল মাসিরাহ টিভির বরাত দিয়ে জানা গেছে, সরকার-সমর্থিত বাহিনীকে এলাকা থেকে হটিয়ে দিয়ে তারা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। একই সঙ্গে দক্ষিণ-পশ্চিম ইয়েমেনের লাহিজ গভর্নরেটে নিজেদের অগ্রগতিও দাবি করেছে গোষ্ঠীটি।

সংবাদমাধ্যমটি একটি সামরিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, হুথি যোদ্ধারা লাহিজের খারাজ জেলার বাইরেও সরকারি বাহিনীকে ঠেলে দিয়েছে। শুধু তাই নয়, গোষ্ঠীটি দাবি করেছে তারা লাহিজে অবস্থিত কাওয়াহ সামরিক ক্যাম্পে ছয়টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

এর আগে রবিবার (১৫ নভেম্বর) ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অনুগত বাহিনী ঘোষণা করে, তারা অগ্রসরমান হুথি যোদ্ধাদের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন রাজধানী এডেনকে রক্ষা করার দিকে মনোযোগ দিতে বাব আল-মান্দেবের নিকটবর্তী অবস্থানগুলো থেকে সরে আসছে। সরকারি বাহিনী পিছু হটার ঠিক পরপরই হুথিদের পক্ষ থেকে এসব বড় দাবি সামনে এলো। দক্ষিণ ইয়েমেনে এই মুহূর্তে সামরিক উত্তেজনা চরমে পৌঁছেছে। হুথিরা নতুন নতুন ভূখণ্ড দখলের খবর দেওয়ায় সরকারি বাহিনীও এডেনের আশেপাশে তাদের অবস্থান শক্ত করতে মরিয়া হয়ে উঠেছে।

এদিকে লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে সংযোগকারী বাব আল-মান্দেব প্রণালি বিশ্ব বাণিজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নৌ-চলাচল পথ। এ এলাকার নিরাপত্তা নিয়ে এখন বিশ্বজুড়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

সূত্র: জেরুজালেম পোস্ট

/এমএকে/