থাইল্যান্ড যাওয়ার পথে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে বিমানবন্দরে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
থাইল্যান্ড যাওয়ার পথে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে বিমানবন্দরে গ্রেপ্তার
সুইডেন আসলাম

আজ সোমবার (২৩ নভেম্বর) সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে ডিবির কাছে হস্তান্তর করা হয়। সুইডেন আসলামকে রাজধানীর নিউমার্কেট এলাকায় টিটন হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে আকতার হোসেন বলেন, টিটন হত্যা মামলার তদন্তে সুইডেন আসলামের নাম আসায় তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ঘটনায় তার সম্পৃক্ততা কতটুকু, তা তদন্তের পর জানা যাবে। তাকে নিয়ম অনুযায়ী আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করা হবে।

সুইডেন আসলামের বিদেশযাত্রার চেষ্টা এবং চার দিন আগে থাইল্যান্ড থেকে দেশে ফেরার বিষয়ে জানতে চাইলে ডিসি আকতার হোসেন বলেন, তার বিদেশ যাওয়া বা দেশে ফেরার বিষয়ে বিস্তারিত তথ্য ইমিগ্রেশন পুলিশ দিতে পারবে।

এক মাস ধরে সুইডেন আসলামকে নজরদারিতে রাখা হয়েছিল কি না, এমন প্রশ্নের জবাবে ডিসি আকতার হোসেন বলেন, শীর্ষ সন্ত্রাসীদের ওপর ডিএমপির গোয়েন্দা নজরদারি ও গ্রেপ্তার অভিযান অব্যাহত থাকে।

/আরএ/