বেতন বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ, বাস ভাঙচুর

সাভার সংবাদদাতা
সাভার সংবাদদাতা
বেতন বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ, বাস ভাঙচুর
বিক্ষোভ নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে সাভারের আশুলিয়ায় আবারও বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা। এ সময় একটি বাস ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এসব ঘটনায় তিন নারী শ্রমিক আহত হয়েছেন।

সোমবার (২৩ নভেম্বর) সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় এসব ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় নিউ এইজ গ্রুপের তিনটি কারখানা– নিউ এইজ গার্মেন্টস, কাইলক নিউ এইজ বিডি লিমিটেড ও নিউ এইজ অ্যাপারেলসের শ্রমিকরা বিক্ষোভ করেন। এ সময় আশপাশের আরও তিনটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। ছুটি ঘোষণার পর পোশাক শ্রমিকেরা বাইপাইল-আবদুল্লাহপুর সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে।

এ সময় সাভার সরকারি কলেজের শিক্ষার্থীদের বহনকারী আলিফ পরিবহনের একটি বাস কারখানার সামনে দিয়ে যাওয়ার সময় শ্রমিকদের সঙ্গে শিক্ষার্থীদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উত্তেজিত শ্রমিকরা বাসটির কাচ ভাঙচুর করেন। পাশাপাশি পাশের আল-মুসলিম গার্মেন্টস ও জনরন সোয়েটার ফ্যাক্টরিতে হামলার চেষ্টা চালান।

পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশসহ আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করেন। এ সময় আতঙ্কে দৌড়াদৌড়ির মধ্যে পড়ে তিন নারী শ্রমিক আহত হন।

আশুলিয়া শিল্প পুলিশ ১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া গণমাধ্যমকে জানান, বর্তমানে এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে জিরাবো ও নিশ্চিন্তপুর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

/এফআর/