রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলা, ছাত্রদলের তিন নেতা বহিষ্কার

রাবি সংবাদদাতা
রাবি সংবাদদাতা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর 
হামলা, ছাত্রদলের তিন নেতা বহিষ্কার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় বহিষ্কার হওয়া তিন নেতা বিশাল চক্রবর্তী, আহসান হাবিব ও হাসিব হাসান।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রবিবার রাতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় ছাত্রদলের তিন নেতাকে বহিষ্কার ও ছয়জনকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে সংগঠনটি।

সোমবার (৫ অক্টোবর) রাতে ছাত্রদলের দপ্তর সম্পাদক ও সহসভাপতি মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত দুটি পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর মধ্যে একটি বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি আহসান হাবিব ও যুগ্ম সাধারণ সম্পাদক হাসিব হাসানকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে বিশাল চক্রবর্তীকে প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এছাড়া আরেক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি তাকবীর আহমেদ ইমন, বুলবুল রহমান, শরিফুল ইসলাম, ফারুক হোসেন, সহদপ্তর সম্পাদক শাহারিয়ার আলম এবং ছাত্রনেতা সাজুকে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত রবিবার রাতে শহীদ জিয়াউর রহমান হলের সামনে হামলা চালানো হয়। এই হামলায় চার সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হন।

আহত সাংবাদিকেরা হলেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আরিফ উজ জামান কোরবান, দৈনিক আগামীর সময়ের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জাহিদুল ইসলাম, দ্য ডেইলি স্টারের নূর আহসান মৃদুল ও দৈনিক সমকালের মাঈনুল ইসলাম রাজু। ঘটনার পর প্রথমে তাদের উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। পরে রাত ১০টার দিকে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় ছয়জনকে কারণ দর্শানোর নোটিশে বলা হয়, দায়িত্বশীল পদে থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে আপনাদের বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হলো।

/বিবি/