রফিক আজমের একক প্রদর্শনী: শিল্প, স্থাপত্য ও স্মৃতির প্রতিফলন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
রফিক আজমের একক প্রদর্শনী: শিল্প, স্থাপত্য ও স্মৃতির প্রতিফলন
কোলাজ: সিটিজেন জার্নাল টোয়েন্টিফোর

রাজধানীর বেঙ্গল শিল্পালয়ের কামরুল হাসান প্রদর্শনকক্ষে চলছে দেশের অন্যতম শীর্ষ স্থপতি মোহাম্মদ রফিক আজমের ষষ্ঠ একক প্রদর্শনী ‘থ্রেশহোল্ড: আর্ট অ্যান্ড আর্কিটেকচার’। পঁয়ত্রিশ বছরের দীর্ঘ ক্যারিয়ারে যিনি বাংলাদেশের স্থাপত্যধারায় নতুন বাঁক এনেছেন, তার এ প্রদর্শনী ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে। ৫ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা অবধি চলা আয়োজনটিতে আজমের সৃজনশীল ও মনস্তাত্ত্বিক যাত্রার এক টুকরো ঝলক দেখানোর চেষ্টা করা হয়েছে।

কামরুল হাসান গ্যালারির আবছা আলোয় ঢুকতেই চোখে পড়ে সাদা দেয়ালে খাড়াভাবে বসানো পুরান ঢাকার একটি বিশাল মডেল। লালবাগ কেল্লার পাশেই লাল রঙে চিহ্নিত একটি বাড়ি, যার ঠিক নিচে কালো হরফে লেখা- ‘গল্প শুরু এখন থেকে। ১০ অতষ খানা লেন লালবাগ পুরান ঢাকা।’ বারাণসী থেকে পুরান ঢাকায় থিতু হওয়া পরিবারে বেড়ে ওঠা রফিকের শৈশবের বুড়িগঙ্গা, সবুজ আর রোদের স্মৃতি তার স্থাপত্যেও বারবার ফিরে এসেছে। যেমনটা তিনি নিজেই বলেছিলেন, ‘আমি জলরঙে প্রাকৃতিক দৃশ্য আঁকি। স্থাপত্যেও প্রাকৃতিক দৃশ্য ফুটিয়ে তুলি।’

গ্যালারির ভেতরে সাদা দেয়ালগুলো এমনভাবে সাজানো হয়েছে, যা হাঁটতে হাঁটতে পুরান ঢাকার অলিগলির কথা মনে করিয়ে দেয়। ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকা ঢাকাইয়া ভাষার কথোপকথন আর তার জলরঙের ছবির পাশে বাস্তব স্থাপত্যের আলোকচিত্র রাখার ভাবনাটা বেশ প্রশংসনীয়। কাচের টেবিলের ওপর ঝুলন্ত প্লাম্ব বব, পেন্সিল, মরিচা ধরা ইস্পাতের মডেল কিংবা আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা স্কিরা ও রিজোলি থেকে প্রকাশিত তার দুটি মনোগ্রাফ প্রদর্শনীতে আলাদা মাত্রা যোগ করেছে।

মোহাম্মদ রফিক আজম
মোহাম্মদ রফিক আজম

তবুও, পুরো প্রদর্শনীর উপস্থাপনায় এক ধরনের অপরিপক্কতা স্পষ্ট। রফিকের নিজের না তোলা কিছু ছবি অত্যন্ত নিম্নমানের ক্যানভাসে প্রিন্ট করে নিচে তার স্বাক্ষর জুড়ে দেওয়া হয়েছে, যা দৃষ্টিকটু। এমনকি তার প্রথম কাজ ‘আঙ্গুরি বাড়ি’র মতো গুরুত্বপূর্ণ প্রকল্পও পিভিসি শিটে খুব সাধারণভাবে উপস্থাপন করা হয়েছে। অনেকটা স্থাপত্য বিভাগের সাধারণ জুরির মতোই দেয়ালজুড়ে ছবি আর লেখা এলোমেলোভাবে টাঙানো, আর মডেলগুলো রাখা হয়েছে মেঝেতে। গ্যালারির কাচের দেয়ালজুড়ে স্থপতি ও আলোকচিত্রী মারুফ রায়হানের প্রজেকশন ইনস্টলেশনটি না থাকলে প্রদর্শনীটি গড়পড়তা মানে নেমে যেত।

প্রদর্শনীর কিউরেটর হিসেবে তাইয়েবা বেগম লিপি ও মাহবুবুর রহমানের নাম রয়েছে, সঙ্গে জান্নাত জুই ও রাশেদ জামানও যুক্ত ছিলেন বলে জানা যায়। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তগুলো কে নিয়েছেন তা বোঝা দায়। রফিক আজম নিজে একে রেট্রোস্পেকটিভ না বলে নিজের মনস্তাত্ত্বিক যাত্রার গল্প বলতে চেয়েছেন। কিন্তু সেই গল্প বলার ধরনটা এতটাই ব্যক্তিগত হয়ে গেছে যে, সাধারণ দর্শকের চেয়ে তা কেবল তার নিজের বোঝার গণ্ডিতেই আটকে থেকেছে। ভালো স্থপতি হলেই যে কেউ ভালো কিউরেটর হবেন, এমন কোনো কথা নেই- ঢাকার সাম্প্রতিক প্রদর্শনীগুলোতে এ পেশাদার সমন্বয়ের অভাব বারবারই চোখে পড়ছে।

রফিক আজম মানুষ হিসেবে যেমন দৃঢ়চেতা, তেমনি শিশুর মতো সরল হাসিতে ভিন্নমতকেও স্বাগত জানাতে জানেন। স্থাপত্যের অলিগলি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজের শক্ত অবস্থান তৈরি করা মানুষটির ব্যক্তিত্ব যতটা গভীর ও বর্ণিল, ‘থ্রেশহোল্ড’র এ আয়োজনে তার পূর্ণ প্রতিফলন ঘটল কি না, সে প্রশ্ন থেকেই যায়।

/এমএকে/