শিরোনাম

ঈদযাত্রায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ জন

সিটিজেন ডেস্ক
ঈদযাত্রায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ জন
সড়ক দুর্ঘটনা: প্রতীকী ছবি

ঈদুল আজহার আগে ও পরে ১৩ দিনে ২৯২টি সড়ক দুর্ঘটনায় ২৮১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ৮৩৭ জন। দৈনিক গড়ে নিহত হয়েছেন ২২ জন।

বৃহস্পতিবার (৪ জুন) রোড সেফটি ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে স্বাক্ষর করেন সংগঠনটির নির্বাহী পরিচালক সাইদুর রহমান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২১ মে থেকে ২ জুন পর্যন্ত দেশে মোট ২৯২টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে শুধু মোটরসাইকেল দুর্ঘটনা হয়েছে ১৪১টি। এতে নিহত হয়েছেন ১২৪ জন।

এ সময়ে নৌপথে দুর্ঘটনা হয়েছে ১৩টি। এতে ৮ জন নিহত ও ১৫ আহত হয়েছেন। আর রেলপথে দুর্ঘটনা হয়েছে ২২টি, যাতে ১৭ জন নিহত এবং ৯ জন আহত হয়েছেন। দুর্ঘটনায় মোট ৩৭ জন পথচারী নিহত হয়েছেন। আর যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৩৩ জন।

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৫০৭টি যানবাহন। এরমধ্যে ৭৯টি বাস, ৬১টি ট্রাক, ১১টি কাভার্ডভ্যান, ২৪টি পিকআপ, ৫টি ট্রলি, ২টি লরি, ৭টি ড্রাম ট্রাক ও ১টি ফায়ার ব্রিগেডের গাড়ি রয়েছে।

এছাড়া গ্যাসবাহী লরি রয়েছে ১টি, মাইক্রোবাস ৫, প্রাইভেটকার ১১, অ্যাম্বুলেন্স ৪, পাজেরো জীপ ২, মোটরসাইকেল ১৫৭, থ্রি-হুইলার ৯৩, স্থানীয়ভাবে তৈরি যানবাহন ১৮ (নসিমন-ভটভটি-মাহিন্দ্র), প্যাডেল রিকশা-বাইসাইকেল ১২ এবং অজ্ঞাত ১৪টি যানবাহন রয়েছে।

/জেএইচ/