এক ইলিশ বিক্রি হলো ১১ হাজার টাকায়

নোয়াখালী সংবাদদাতা
নোয়াখালী সংবাদদাতা
এক ইলিশ বিক্রি হলো ১১ হাজার টাকায়
জেলে জাহিদ মাঝি মেঘনা নদী থেকে এই ইলিশ মাছটি ধরেন

নোয়ালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় একটি রাজা ইলিশ ১০ হাজার ৯০০ টাকায় বিক্রি হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার চেয়ারম্যান ঘাটে নিলামে মাছটি বিক্রি করা হয়।

জানা গেছে, হাতিয়ার জেলে জাহিদ মাঝি মেঘনা নদীতে মাছটি ধরেন। পরে মাছটি চেয়ারম্যান ঘাটের সাদিয়া ফিশ এজেন্সিতে নিয়ে নিলামে তোলা হয়। সেখানে সর্বোচ্চ ১০ হাজার ৯০০ টাকা দর হাঁকিয়ে মাছটি কিনে নেন মৎস্য ব্যবসায়ী বিষ্ণু বেপারী।

নিলাম পরিচালনা করেন কুতুবউদ্দিন বাবু। তিনি বলেন, মাছটির আকার ও ওজন ভালো হওয়ায় নিলামে ব্যবসায়ীদের মধ্যে আগ্রহ তৈরি হয়। একপর্যায়ে সর্বোচ্চ ১০ হাজার ৯০০ টাকা দাম ওঠে। পরে ওই দামেই মাছটি বিক্রি করা হয়।

সাদিয়া ফিশ এজেন্সির মালিক মো. সালাউদ্দিন বলেন, চেয়ারম্যান ঘাটে বড় ইলিশ এলে সাধারণত ব্যবসায়ীদের মধ্যে আগ্রহ দেখা যায়। এই রাজা ইলিশটিরও ভালো দাম পাওয়া গেছে। নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে বিষ্ণু বেপারী মাছটি কিনে নেন।

মৎস্য ব্যবসায়ী মো. আকবর হোসেন বলেন, মেঘনা নদীতে বড় আকারের ইলিশ ধরা পড়লে এর চাহিদা বেশি থাকে। রাজা ইলিশটি আকারে ভালো হওয়ায় নিলামে দামও বেশ উঠেছে।

/এসআর/