পদ্মা নদীতে ফেরি-বাল্কহেড সংঘর্ষ, শিশু নিহত

শরীয়তপুর সংবাদদাতা
শরীয়তপুর সংবাদদাতা
পদ্মা নদীতে ফেরি-বাল্কহেড সংঘর্ষ, শিশু নিহত
দুর্ঘটনাকবলি ফেরি

শরীয়তপুর-চাঁদপুর নৌ রুটে পদ্মা নদীর বেড়াচাক্কি চ্যানেলে বালুভর্তি বাল্কহেডের সঙ্গে ফেরির সংঘর্ষে ফেরি ও বাল্কহেডের সংঘর্ষে তরিকুল ইসলাম নামে ১১ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আরও ২ শিশু আহত হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তরিকুল ইসলাম শরীয়তপুরের ডামুড্যা উপজেলার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চাঁদপুরের হরিণা ঘাট থেকে ‘কাকলি’ নামের ফেরিটি শরীয়তপুরের নরসিংহপুর ঘাটের উদ্দেশে ছেড়ে আসে। ফেরিটি পদ্মা নদীর বেড়াচাক্কি চ্যানেলে প্রবেশের সময় বিপরীত দিক থেকে আসা একটি বালুভর্তি বাল্কহেড সজোরে ধাক্কা দেয়। এতে ফেরিতে থাকা যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি ফেরিতে থাকা কয়েকজন যাত্রী ভারসাম্য হারিয়ে পড়ে যান। এ সময় ফেরিতে থাকা একটি বাসের বডির সঙ্গে ধাক্কা লেগে তরিকুলের মাথায় গুরুতর আঘাত লাগে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। আহত হয় আরও দুই শিশু। পরে তাদের দ্রুত উদ্ধার করে স্পিডবোটযোগে চাঁদপুরের হাসপাতালে পাঠানো হয়।

বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাটের উপব্যবস্থাপক ইকবাল হোসেন বলেন, ফেরিটি চ্যানেলে প্রবেশের সময় বাল্কহেডটি সজোরে ধাক্কা দেয়। এতে ফেরিতে থাকা যাত্রীরা ভারসাম্য হারিয়ে পড়ে যান। এ সময় এক শিশুর মাথায় আঘাত লাগলে তার মৃত্যু হয়। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

/এসবি/