শিরোনাম

আইনিভাবে শেখ হাসিনাকে ফেরাতে চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
আইনিভাবে শেখ হাসিনাকে ফেরাতে চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আইনি প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে চায় সরকার বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (২১ মে) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমেই দেশে ফিরিয়ে আনতে চাই। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এবং বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাকে ফিরিয়ে দেওয়ার জন্য আনুষ্ঠানিক অনুরোধ করা হয়েছে যেন তিনি বাংলাদেশে মামলার মুখোমুখি হন।

তিনি বলেন, রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। দ্রুত চার্জশিট দিয়ে অভিযুক্তকে বিচারের আওতায় আনতে সংশ্লিষ্টদের সর্বোচ্চ নির্দেশ দেওয়া হয়েছে। শাস্তির বিষয়টি আদালত নিশ্চিত করবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, রামিসা, আছিয়া, তনু হত্যাকাণ্ড, বগুড়ায় তরুণী ধর্ষণ এবং গাজীপুরের ফাইভ মার্ডারসহ সাম্প্রতিক আলোচিত সব হত্যাকাণ্ডের তালিকা তৈরি করে দ্রুত বিচার নিশ্চিত করতে সরকার উদ্যোগ নিয়েছে।

তিনি বলেন, জনপ্রত্যাশা অনুযায়ী শান্তি নিশ্চিত করতে যা যা করা প্রয়োজন, সেগুলো করার চেষ্টা হচ্ছে। পুলিশের অনেক সংস্কারের চেষ্টা করছি। এখনও অনেক কিছু করা বাকি আছে। তবে সরকারের বয়স মাত্র তিন মাস।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো ঘটনা ঘটলেই আবেগতাড়িত হয়ে দ্রুত আইন বা বিশেষ আদালত গঠন করা উচিত নয়। কঠোর আইন প্রয়োগে অপব্যবহারের ঝুঁকিও বিবেচনায় রাখতে হবে।

/এসবি/