শিরোনাম

হামে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু

সিটিজেন ডেস্ক
হামে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত হয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে হাম ও হামের উপসর্গ নিয়ে একদিনে মোট ছয় শিশুর প্রাণহানির তথ্য উঠে এসেছে।

বুধবার (২০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত বুলেটিনে জানানো হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম আক্রান্ত হয়ে মোট ৮০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৪০১ জন।

একই সময়ে নতুন করে ১৩৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে দেশে এ পর্যন্ত মোট ৮ হাজার ৬৭ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। এ বিভাগে এখন পর্যন্ত ১৫৯ জনের মৃত্যু হয়েছে। এরপর রাজশাহী বিভাগে মারা গেছে ৭৮ জন।

এছাড়া সিলেট বিভাগে ৩৯ জন, চট্টগ্রামে ৩৭ জন, ময়মনসিংহে ৩৪ জন, বরিশালে ২৯ জন, খুলনায় ২১ জন এবং রংপুর বিভাগে ৪ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৭০ শিশুকে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে ১ হাজার ১৪৫ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।

এর মধ্যে ঢাকার হাসপাতালগুলোতেই সবচেয়ে বেশি ৪৫৫ জন শিশুকে ভর্তি করা হয়েছে। অন্যদিকে সবচেয়ে কম ভর্তি হয়েছে রংপুর বিভাগে, সেখানে ভর্তি হয়েছে ১৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে এখন পর্যন্ত মোট সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ হাজার ৮৫৬ জনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম জোরদার করার পাশাপাশি অভিভাবকদের শিশুদের স্বাস্থ্য বিষয়ে আরও সচেতন থাকার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্টরা।

/এমআর/