শিরোনাম

৫ সিটিতে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
৫ সিটিতে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা
সংবাদ সম্মেলনে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা। ছবি: সিটিজেন জার্নাল

রাজধানীর দুই সিটি করপোরেশনসহ দেশের মোট পাঁচটি সিটি করপোরেশন নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রবিবার (২৯ মার্চ) দলের কেন্দ্রীয় কার্যালয়ে স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

ঢাকা দক্ষিণে প্রার্থী করা হয়েছে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে। উত্তর সিটি করপোরেশনে আরিফুল ইসলাম আদীব। কুমিল্লা সিটি করপোরেশনে অ্যাডভকেট তরিকুল ইসলাম, রাজশাহীতে মোবাশ্বের আলী। সিলেট সিটি করপোরেশন নির্বাচনে এনসিপি মনোনিত প্রার্থী অ্যাডভোকেট আব্দুর রহমান আফজাল।

এ সময় নাহিদ ইসলাম বলেন, সরকার এরই মধ্যে বিভিন্ন সিটিতে প্রশাসক নিয়োগ দিয়ে প্রশাসনকে দলীয়করণ করে ফেলেছে। নির্বাচনে প্রশাসকদের মধ্যে কেউ প্রার্থী হতে পারবে না।

মেয়র প্রার্থীদের তিনি বলেন, বাস্তবতা হলো আমরা সংসদে কথা বলার জায়গা পাচ্ছি না। আপনারাই আমাদের শেষ ভরসা।

বিএনপিকে ইঙ্গিত করে নাহিদ বলেন, তারা অনেক বেশি সংবিধানের কথা বলে। তারা যে প্রশাসক বসিয়েছে তাতে সংবিধান লঙ্ঘিত হয়। নির্বাচিত জনপ্রতিনিধি দিয়েই স্থানীয় সরকার পরিচালিত করতে হয়। অন্তর্বর্তীকালীন সরকার একটা বিশেষ সময়ে ছিল। এখনতো নির্বাচিত সরকার এসেছে। আমরা বুঝতে পারছি, এই নতুন সরকার বাংলাদেশের সকল প্রতিষ্ঠান কুক্ষিগত করছে। বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে দুদক যেটা সংস্কার হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল, সেটাকে তারা দলীয়করণ এবং কুক্ষিগত করছে।

তিনি আরও বলেন, এ পর্যায় থেকে দ্রুত আমাদেরকে বের হতে হবে এবং বের হওয়ার জন্য অতিদ্রুত স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। আমরা মনে করি আগামী ছয় মাসের মধ্যে ধাপে ধাপে সকল স্থানীয় সরকার পর্যায়ের নির্বাচন দেওয়া সম্ভব এবং উচিত। যারা প্রশাসক হিসেবে রয়েছে, তারা যেনো সিটি করপোরেশনের মেয়র হিসেবে দাঁড়াতে না পারে সেই বিধি-বিধান থাকা উচিত।

নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা এনে নাহিদ ইসলাম বলেন, এ নির্বাচন কমিশনের অধীনে সিটি করপোরেশনের নির্বাচন হলে, সেই নির্বাচন লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে কিনা- এটা নিয়ে আমাদের মনে শঙ্কা আছে। জাতীয় নির্বাচনে এই নির্বাচন কমিশনের উপর যথেষ্ট অনাস্থা তৈরি হয়েছে।

/টিই/