শিরোনাম

২ মার্চ ভোটার দিবস: বাধ্যতামূলক উপস্থিতির নির্দেশ ইসির

নিজস্ব প্রতিবেদক
২ মার্চ ভোটার দিবস: বাধ্যতামূলক উপস্থিতির নির্দেশ ইসির
ছবি: সিটিজেন গ্রাফিক্স

‘ভোটারদের শক্তি, গণতন্ত্রের মুক্তি’ প্রতিপাদ্যে আগামী ২ মার্চ (সোমবার) সারাদেশে পালিত হবে ৮ম জাতীয় ভোটার দিবস। দিবসটি যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনে উদযাপনের লক্ষ্যে ঢাকায় কর্মরত নির্বাচন কমিশনের (ইসি) সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীকে অনুষ্ঠানে উপস্থিত থাকার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। একইসঙ্গে ৯ মার্চ পর্যন্ত তাদের ছুটি বাতিল করা হয়েছে।

দিবসটি উপলক্ষে কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করবে ইসি।

সম্প্রতি ইসি সচিবালয়ের সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমানের সই করা এক অফিস আদেশে এ নির্দেশনা জারি করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, ২ মার্চ সকালে নির্বাচন ভবনের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হবে। এরপর অনুষ্ঠিত হবে একটি র‍্যালি ও বিশেষ আলোচনা সভা।

ভোটারদের সচেতনতা বৃদ্ধি এবং তরুণদের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে উৎসাহিত করার লক্ষ্যেই প্রতিবছর দিবসটি পালন করা হয়।

আগামী ২ মার্চ সকাল ৯টার মধ্যে নির্বাচন ভবনের সামনে নির্ধারিত সাতটি দপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারীকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দপ্তরগুলো হলো– নির্বাচন কমিশন সচিবালয়, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ (এনআইডি), নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই), নির্বাচন কমিশন সচিবালয়ের অধীনে পরিচালিত সব প্রকল্প। এছাড়া রয়েছে, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় এবং ঢাকা মেট্রোপলিটন এলাকার সব থানা নির্বাচন অফিসারের কার্যালয়।

অফিস আদেশে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ নির্দেশ জারি করা হয়েছে। কোনো প্রকার ব্যত্যয় ছাড়াই সংশ্লিষ্ট সকলকে নির্দিষ্ট সময়ে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বলা হয়েছে।

এবারের ভোটার দিবস উপলক্ষে বিভিন্ন আয়োজনের পাশাপাশি ভোটারদের উদ্বুদ্ধ করতে বিশেষ প্রচারণা কর্মসূচিও গ্রহণ করা হয়েছে।

/জেএইচ/