বিমানবন্দরে পাখির ঝুঁকি মোকাবিলায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের নির্দেশ মন্ত্রীর

বিশেষ প্রতিনিধি
বিশেষ প্রতিনিধি
বিমানবন্দরে পাখির ঝুঁকি মোকাবিলায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের নির্দেশ মন্ত্রীর
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

বিমানবন্দরগুলোয় পাখি এবং বন্যপ্রাণীর ঝুঁকি মোকাবিলায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। এ জন্য অত্যাধুনিক ‘অ্যান্টি বার্ড কন্ট্রোল ইউনিট’ স্থাপন, প্রয়োজনীয় সংখ্যক বন্দুক কেনা এবং শূন্য পদে দ্রুত জনবল নিয়োগের নির্দেশ দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে ‘ন্যাশনাল কমিটি ফর ওয়াইল্ডলাইফ হ্যাজার্ড ম্যানেজমেন্ট অ্যাট দ্য এয়ারপোর্টস অব বাংলাদেশ’-এর প্রথম সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব নির্দেশনা দেন।

সভায় বাংলাদেশের বিমানবন্দরগুলোয় নিরাপদে বিমান উড্ডয়ন ও অবতরণ নিশ্চিত করতে পাখিসহ বন্যপ্রাণীর চলাচল নিয়ন্ত্রণে করণীয় বিষয়ে উন্মুক্ত আলোচনা হয়।

বিমানমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের এভিয়েশন খাতের উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি। এভিয়েশন খাতের উন্নয়নের জন্য নিরাপদে বিমান উড্ডয়ন ও অবতরণ নিশ্চিত করা অপরিহার্য। সেক্ষেত্রে সাম্প্রতিক সময়ের বার্ড হিটের তথ্য যাচাই করে বিমানবন্দরে বন্যপ্রাণী ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, সমস্যা সমাধানে অত্যাধুনিক প্রযুক্তির ‘অ্যান্টি বার্ড কন্ট্রোল ইউনিট’ স্থাপনের মাধ্যমে বিমানবন্দরে পাখি নিয়ন্ত্রণ করতে হবে। এছাড়া প্রয়োজনীয় সংখ্যক বন্দুক কেনার ব্যবস্থা নেওয়া এবং শূন্যপদে দ্রুত জনবল নিয়োগের জন্য কর্তৃপক্ষকে কাজ শুরু করার নির্দেশনা দেন মন্ত্রী।

কমিটির উপস্থিত সদস্যদের উদ্দেশে মন্ত্রী বলেন, সেফ লাইফ জোন নিশ্চিতে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে। দ্রুত সমন্বয়ের জন্য প্রতি ৩ মাস একবার সভা আয়োজন করার নির্দেশ দেন মন্ত্রী।

সভায় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ ন্যাশনাল কমিটি ফর ওয়াইল্ডলাইফ হ্যাজার্ড ম্যানেজমেন্ট অ্যাট দ্য এয়ারপোর্টস অব বাংলাদেশ’-এর সদস্যরা।

/এফসি/