১৯ ছক্কায় ১৮১ রানে প্রিয়াংশুর ইতিহাস

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
১৯ ছক্কায় ১৮১ রানে প্রিয়াংশুর ইতিহাস
প্রিয়াংশু আর্য

সৈয়দ মুশতাক আলী ট্রফিতে তামিলনাড়ুর মুখোমুখি হয়েছিল দিল্লি। টস হেরে আগে ব্যাটিংয়ে নামা দিল্লির হয়ে তাণ্ডব চালান প্রিয়াংশু আর্য। ২৬৬.১৭ স্ট্রাইক রেটে ৬৮ বলে ১৮১ রানের ইনিংস খেলেন তিনি। এই ইনিংসে চারের চেয়ে ছক্কা বেশি। ১৯ ছক্কা, চার মাত্র ৭টি। অর্থাৎ বাউন্ডারি থেকেই এসেছে ১৪২ রান!

এমন ব্যাটিংয়ে ক্রিস গেইলকে টপকে ছেলেদের স্বীকৃত টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস এখন প্রিয়াংশুর। সর্বোচ্চ রানের রেকর্ডটি হয় গেল অক্টোবর মাসেই। সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জ টুর্নামেন্টে ২ অক্টোবর নাইটসদের বিপক্ষে অপরাজিত ১৮৮ রানের ইনিংস খেলেন টাইটানসের লুয়ান ড্রে প্রিটোরিয়াস।

বিশ্ব রেকর্ড গড়তে না পারলেও ভারতের ব্যাটসম্যানদের মধ্যে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস খেলার রেকর্ড এখন প্রিয়াংশুর। ভারতীয় হিসেবে আগের রেকর্ডটি ছিল কিরণ নবগিরের। ২০২১ সালে ১৬২ রানের ইনিংস খেলেছিলেন তিনি।

তবে আরেক রেকর্ডে ঠিকই ভাগ বসিয়েছেন প্রিয়াংশু। টি-টোয়েন্টি ইনিংসে যৌথভাবে সর্বোচ্চ ছক্কার রেকর্ডে তিনি নিউজিল্যান্ডের ফিন অ্যালেনের পাশে বসলেন। মেজর লিগ ক্রিকেটে সান ফ্রান্সিস্কো ইউনিকর্নের হয়ে ওয়াশিংটন ফ্রিডমের বিপক্ষে ৫১ বলে ১৫১ রানের ইনিংস খেলার পথে ১৯ ছক্কায় ওই রেকর্ড গড়েন কিউই তারকা।

১৮১ রানের ইনিংসটি খেলার পথে প্রিয়াংশু পেছনে ফেলেছেন ২০১৩ আইপিএলে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে বেঙ্গালুরুর হয়ে গেইলের অপরাজিত ১৭৫ রানের ইনিংসকে।

১৮ বলে ফিফটির পর ৩৬ বলে ক্যারিয়ারের তৃতীয় টি-টোয়েন্টি সেঞ্চুরি পান প্রিয়াংশু। পরবর্তী ২৪ বলে পাড়ি দেন ১৫০ রানের কোটা।

প্রিয়াংশুর ইনিংসের সুবাদে ৫ উইকেটে ২৭৫ রান তোলে দিল্লি। সৈয়দ মুশতাক আলী ট্রফিতে এটি যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ দলীয় স্কোর।

/টিই/