শিরোনাম

জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহ-সভাপতি বাংলাদেশ

জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহ-সভাপতি বাংলাদেশ
জাতিসংঘ শান্তি বিনির্মান কমিশনের সহ-সভাপতি নির্বাচিত বাংলাদেশ। ছবি: সংগৃহীত

২০২৬ সালের জন্য জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের (পিবিসি) সহ-সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে কমিশনের পাঁচ সদস্যবিশিষ্ট ব্যুরোর নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০তম অধিবেশনের প্রথম সভায় মরক্কো সভাপতি এবং বাংলাদেশ, জার্মানি, ব্রাজিল ও ক্রোয়েশিয়াকে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়।

শান্তি বিনির্মাণ কমিশন (পিবিসি) জাতিসংঘের একটি আন্তঃসরকারি উপদেষ্টা সংস্থা, যা সংঘাতপূর্ণ দেশগুলোতে শান্তি বজায় রাখতে সহায়তা করে।

এই কমিশন গঠিত হয় সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ এবং জাতিসংঘের প্রধান সৈন্য ও অর্থ প্রদানকারী দেশগুলো থেকে নির্বাচিত ৩১টি সদস্য রাষ্ট্র নিয়ে।

২০০৫ সালে প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশ এই কমিশনের সদস্য। এর আগে ২০১২ ও ২০২২ সালে বাংলাদেশ কমিশনের সভাপতি এবং ২০১৩ ও ২০২৩ সালে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছে।

এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে পিবিসির ২০তম অধিবেশনের প্রথম সভায় সহ-সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ। এ উপলক্ষে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি এবং মহাসচিবের পক্ষে তার চিফ অব স্টাফ উপস্থিত ছিলেন এবং পিবিসির গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করে বক্তব্য প্রদান করেন।

এক বিবৃতিতে বাংলাদেশ প্রতিনিধিদল এই গুরুত্বপূর্ণ দায়িত্বের জন্য বাংলাদেশের ওপর আস্থা রাখায় কমিশনের সদস্যদের ধন্যবাদ জানান। একইসঙ্গে জাতিসংঘের শান্তি বিনির্মাণ প্রচেষ্টা ও কার্যক্রমের পাশাপাশি ভবিষ্যৎ কর্মপরিকল্পনার প্রতি নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বাংলাদেশ।

সূত্র : ইউএনবি

/জেএইচ/