তুরস্কের পথে প্রধানমন্ত্রীর

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
তুরস্কের পথে প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান

জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে তুরস্কের আন্তালিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিন দিনের সরকারি এ সফরে তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব হাসান শিপলু। তিনি বলেন, কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তিন দিনের সফরে প্রধানমন্ত্রী আনতালিয়ায় যাচ্ছেন। এই সম্মেলনে তিনি ভাষণ দেবেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী ঢাকা থেকে ইস্তানবুলে যাত্রাবিরতি করে আনতালিয়ায় পৌঁছাবেন মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায়।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব এসএম জাহাঙ্গীর এমপি, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার।

তুরস্কের আন্তালিয়ায় পৌঁছানোর পরদিন জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এছাড়া সম্মেলনের সাইড লাইনে কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে তারেক রহমানের।

সফর শেষে আগামী শুক্রবার দেশে ফিরবেন প্রধানমন্ত্রী।

এর আগে গতকাল সোমবার পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী সংবাদ সম্মেলন করে বলেন, ১০ থেকে ১২ নভেম্বর তিন দিনের সফরে আনাতালিয়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী। এ সফরের শেষ দিন প্লেনারি সেশনে বাংলাদেশের অবস্থান তুলে ধরে বক্তব্য দেবেন তারেক রহমান। তুরস্ক সফরে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তৈয়্যব এরদোগানের সঙ্গে তারেক রহমানের বৈঠকের সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে পাশাপাশি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, উজবেকিস্তানের প্রেসিডেন্ট, চীনের উপ-রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক নিশ্চিত করা হয়েছে। এ ছাড়া যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এবং ইউএনডিপির প্রশাসকের সঙ্গেও বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

/জেএইচ/