শিরোনাম

ভারত থেকে শেখ হাসিনার রাজনৈতিক কার্যক্রমের অনুমতি নেই: নয়াদিল্লি

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
ভারত থেকে শেখ হাসিনার রাজনৈতিক কার্যক্রমের অনুমতি নেই: নয়াদিল্লি
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের মাটি থেকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার অনুমতি দেওয়া হয়নি বলে দেশটির সংসদীয় কমিটিকে জানিয়েছে নয়াদিল্লি। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ভারতে অবস্থানরত শেখ হাসিনা ভার্চ্যুয়ালি দলীয় নেতাদের সঙ্গে আলোচনা করছেন, তার নামে দেওয়া হচ্ছে নানা বিবৃতি। এছাড়া বিভিন্ন সংবাদমাধ্যমকে তিনি সাক্ষাৎকারও দিচ্ছেন। তবে ভারত সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, শেখ হাসিনাকে কোনো রাজনৈতিক কার্যক্রম চালানোর সুযোগ তারা দিচ্ছে না।

দেশটির লোকসভার পররাষ্ট্রবিষয়ক সংসদীয় কমিটি বলেছে, ‘চরম সংকট বা অস্তিত্বের হুমকির মুখে থাকা ব্যক্তিদের আশ্রয় দেওয়ার ভারতের মানবিক ঐতিহ্য ও সভ্যতাগত মূল্যবোধের অংশ’ হিসেবে শেখ হাসিনাকে সেখানে থাকার সুযোগ দেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (৩০ জুলাই) ভারতের সংসদীয় কমিটি তাদের প্রতিবেদন লোকসভায় উপস্থাপন করে। প্রতিবেদনে পররাষ্ট্রবিষয়ক কমিটির নবম প্রতিবেদনের সুপারিশ ও পর্যবেক্ষণের ভিত্তিতে সরকারের নেওয়া পদক্ষেপ তুলে ধরা হয়।

‘ভারত–বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ’ শীর্ষক ওই প্রতিবেদনে বলা হয়, বিদ্যমান আইন ও প্রচলিত প্রক্রিয়া অনুসারে শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খতিয়ে দেখছে। ভারতের মূল্যবোধ ও আন্তর্জাতিক দায়বদ্ধতার সঙ্গে মিলিয়ে সরকার যেন এই নীতিগত অবস্থান বজায় রাখে, সেই পরামর্শ দিয়েছে কমিটি।

কমিটির পর্যালোচনায় শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার বিষয়ে ভারত সরকারের স্পষ্ট অবস্থান প্রকাশ করা হয়েছে। ভারত সরকার জানিয়েছে, নিজ ভূখণ্ড ব্যবহার করে অন্য দেশের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ড তারা চালাতে দেবে না। এই নীতি কঠোরভাবে মানা হচ্ছে।

প্রসঙ্গত, ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্টে ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। তারপর থেকেই তিনি সেখানে বসবাস করছেন। যদিও তাকে ঠিক কোথায় রাখা হয়েছে, এখন পর্যন্ত ভারত সে সম্পর্কিত কোনো পরিষ্কার তথ্য জানায়নি।

/এফআর/