প্রকৌশলীদের উপহার নেওয়া ‘ঘুষ নয়’, প্রতিমন্ত্রীর মন্তব্যে টিআইবির ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকৌশলীদের উপহার নেওয়া ‘ঘুষ নয়’, প্রতিমন্ত্রীর মন্তব্যে টিআইবির ক্ষোভ
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) লোগো

কাজের মান ঠিক রেখে দ্রুত বিল পরিশোধের পর ঠিকাদারের লভ্যাংশ থেকে প্রকৌশলীদের উপহার নেওয়া ঘুষ নয়—এমন মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তার এ বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

বুধবার (১১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ক্ষোভ ও নিন্দা প্রকাশ করে সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নবনিযুক্ত প্রকৌশলীদের ওরিয়েন্টেশন কর্মসূচিতে প্রতিমন্ত্রী মন্তব্য করেন যে, কাজের মান সঠিক রেখে দ্রুত বিল পরিশোধের পর ঠিকাদারের লভ্যাংশ থেকে প্রকৌশলীকে দেওয়া উপহার ঘুষ নয় এবং তা গ্রহণে কোনো অপরাধ নেই। টিআইবি প্রশ্ন তুলেছে, অর্পিত দাপ্তরিক দায়িত্ব পালনের পর ঠিকাদারের কাছ থেকে উপহারের মোড়কে ব্যক্তিগত সুবিধা নেওয়াকে কীভাবে একজন প্রতিমন্ত্রী বৈধ বলতে পারেন? এ মন্তব্যের পেছনে মন্ত্রী বা তার নির্দেশিত কর্মকর্তাদের স্বার্থের সংঘাত বা কোনো ধরনের অসৎ উদ্দেশ্য লুকিয়ে আছে কি না, সে বিষয়ে জবাবদিহি নিশ্চিত করতে হবে।

এতে বলা হয়েছে, কাজের গুণগত মান নিশ্চিত করা, কাজ বুঝে নেওয়া এবং নিয়ম মেনে দ্রুততম সময়ে বিল পরিশোধ করা একজন সরকারি প্রকৌশলীর অর্পিত আইনি দায়িত্ব। এই দায়িত্ব পালনের জন্যই তিনি জনগণের ট্যাক্সের টাকায় সরকারি বেতন-ভাতা পেয়ে থাকেন। এমতাবস্থায় তদারকিধীন কাজের জন্য ঠিকাদারের কাছ থেকে ‘উপহার’ বা যে-কোনো সুবিধা নেওয়া স্পষ্টতই দুর্নীতির রূপান্তর। প্রতিমন্ত্রী যখন ঠিকাদারের লভ্যাংশ থেকে উপহার নেওয়াকে কোনো অপরাধ নয় বলে মন্তব্য করেন, তখন তিনি মূলত ঘুষ ও অবৈধ লেনদেনকেই জায়েজ করার চেষ্টা করেন। নবাগত কর্মকর্তা-প্রকৌশলীদের চাকরির শুরুতেই আইনবহির্ভূত পরামর্শ দেওয়া ও মাঠপর্যায়ে ঘুষ চাওয়াকে উৎসাহিত করার এই মনোভাব অত্যন্ত আশঙ্কাজনক। এর মাধ্যমে প্রতিমন্ত্রী দুর্নীতিবিরোধী সরকারি নীতির চরম বিরোধিতা করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঠিকাদারের মুনাফা থেকে সুবিধা নেওয়ার বা উপহার গ্রহণ করার কোনো সুযোগ দেশের বিদ্যমান আইনে নেই। দণ্ডবিধির ১৬৫ ধারা অনুযায়ী, একজন সরকারি কর্মকর্তা দাপ্তরিক কাজের বিনিময়ে বা ব্যক্তিগত সুবিধার্থে কারো কাছ থেকে বিনা প্রতিদানে বা নামমাত্র মূল্যে কোনো মূল্যবান বস্তু গ্রহণ করলে তা শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হয়। পাশাপাশি ‘সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯’-এর বিধি ৫(১) অনুযায়ী, দাপ্তরিক সম্পর্কের কারণে তৈরি হওয়া উপহার গ্রহণের ক্ষেত্রে কঠোর বাধ্যবাধকতা রয়েছে। উক্ত বিধিমালার ৫(৪) ধারা অনুযায়ী নির্দিষ্ট পদমর্যাদার কর্মকর্তাদের জন্য সর্বোচ্চ ৫০০ টাকা মূল্যের উপহার নেওয়ার অনুমতি রয়েছে। তা ছাড়া ‘পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫’-এর তফসিল ২০-এর অনুচ্ছেদ ৬(২) অনুযায়ী প্রতিষ্ঠানের লোগোযুক্ত স্বল্পমূল্যের ডায়েরি, ক্যালেন্ডার বা কলমের মতো সামগ্রীর মূল্যসীমা সর্বোচ্চ ৫০০০ টাকা নির্ধারিত। এই দুই বিধির কোনোটিই ঠিকাদারের লভ্যাংশ থেকে উপহারের নামে কোটি বা লাখ টাকার ব্যক্তিগত সুবিধা গ্রহণের সুযোগ দেয় না।

এতে বলা হয়েছে, যে ঠিকাদারের কাজ একজন প্রকৌশলী নিজে তদারক করছেন এবং যার বিল তিনি সত্যায়ন করছেন, সেই ঠিকাদারের কাছ থেকেই যদি তিনি আর্থিক বা ব্যক্তিগত সুবিধা গ্রহণ করেন, তবে সেখানে কাজের নিরপেক্ষতা কোনোভাবেই বজায় থাকে না। এটি সরাসরি স্বার্থের সংঘাত তৈরি করে। এর ফলে কাজের মান বজায় রাখা সম্ভব হয় না, তদারকি ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে এবং সমমানের অন্যান্য ঠিকাদারদের প্রতিযোগিতার সমান সুযোগ ক্ষুণ্ন হয়। মূলত এ ধরনের যোগসাজশ দুর্নীতিকে আরও কয়েক গুণ বাড়িয়ে দেবে। আজ যে লেনদেনকে ‘উপহার’ বলে স্বাগত জানানো হচ্ছে, কাল সেটাই জনগণের নাগালের বাইরে গিয়ে সাধারণ নাগরিকের প্রাপ্য সেবা পাওয়ার অধিকার কেড়ে নেবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিমন্ত্রীর বক্তব্য অনুযায়ী তিনি যদি বিচার-বিবেচনা করেই এ ধরনের পরামর্শ দিয়ে থাকেন, তবে তার পদে বহাল থাকা ও তার রাজনৈতিক সততা নিয়ে জনমনে গভীর সংশয় তৈরি হওয়া স্বাভাবিক। তিনি সরকারের মন্ত্রী হয়ে এভাবে ঘুষের পক্ষে সাফাই গাইলে, তা ক্ষমতাসীন দলের নির্বাচনী ইশতেহারে ঘোষিত দুর্নীতিবিরোধী অবস্থানের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক রূপ নেয়। এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর চাঁদাবাজি ও অনিয়মসংক্রান্ত কড়া হুঁশিয়ারির কথা স্মরণ করিয়ে দিয়ে টিআইবি জানায়, সরকারের দায়িত্বশীল পদে থেকে যদি বিপরীতমুখী অবস্থান নেওয়া হয়, তবে সরকারের দুর্নীতিবিরোধী সদিচ্ছা নিয়েই প্রশ্ন ওঠে।

ঠিকাদারের কাছ থেকে ‘উপহার’ গ্রহণকে জায়েজ করার চেষ্টার জন্য সংশ্লিষ্ট প্রতিমন্ত্রীকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে টিআইবি। একইসঙ্গে অবিলম্বে প্রতিমন্ত্রীর এই অনভিপ্রেত বক্তব্য প্রত্যাহার, তার মন্তব্যের বিষয়ে সরকারের সুস্পষ্ট অবস্থান প্রকাশ এবং দুর্নীতির পরিবেশ তৈরির চেষ্টা বা এমন বক্তব্যের সত্যতা সাপেক্ষে প্রয়োজনীয় প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নেওয়ার জোরালো দাবি জানানো হয়েছে।

/এসবি/