ভেঙে পড়লো দেশের সবচেয়ে বড় উদ্ধারকারী জাহাজের ক্রেন

বরিশাল সংবাদদাতা
বরিশাল সংবাদদাতা
ভেঙে পড়লো দেশের সবচেয়ে বড় উদ্ধারকারী জাহাজের ক্রেন
দেশের সবচেয়ে বড় উদ্ধারকারী জাহাজ নির্ভীকের ভেঙে পড়া ক্রেন

বরিশালের কীর্তনখোলা নদীতে দেশের সবচেয়ে বড় উদ্ধারকারী জাহাজ নির্ভীকের ক্রেন বুম ভেঙে পড়েছে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও জাহাজটি বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে।

বুধবার (১১ নভেম্বর) সকালে নগরীর মুক্তিযোদ্ধা পার্কসংলগ্ন বিআইডব্লিউটিএর ঘাটে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে বুধবার (১১ নভেম্বর) সকালে উদ্ধারকারী জাহাজটির ক্রেন বুম চালু করে পরীক্ষা করা হচ্ছিল। এ সময় হঠাৎ বিকট শব্দে ক্রেনের সামনের অংশ ভেঙে সামনে থাকা দুটি জাহাজের ওপর আছড়ে পড়ে। এতে ওই জাহাজ দুটিও ক্ষতিগ্রস্ত হয়।

উদ্ধারকারী জাহাজ নির্ভীকের যুগ্ম পরিচালক আবদুল্লাহ আল বাকি বলেন, সকালে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে জাহাজটির ইঞ্জিন চালু করা হয়েছিল। এ সময় যান্ত্রিক ত্রুটির কারণে বিকট শব্দে ক্রেন বুমটি ভেঙে অন্য জাহাজের ওপর পড়ে।ভেঙে পড়া ক্রেনের অংশ উদ্ধারে ইতিমধ্যে তৎপরতা শুরু করেছে কর্তৃপক্ষ। এ জন্য নারায়ণগঞ্জ থেকে বিআইডব্লিউটিএর আরেকটি উদ্ধারকারী জাহাজ প্রত্যয় বরিশালের উদ্দেশে রওনা দিয়েছে।

তবে কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে, তা যাচাই করে দেখা হবে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএর বরিশাল ড্রেজার বেইজের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সাইফুর রহমান।

বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সেলিম মিয়া বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দুর্ঘটনায় কেউ হতাহত হননি। তবে ক্রেনটি ভেঙে পড়ে বিআইডব্লিউটিএর ড্রেজার বেইজের একটি পন্টুন কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণে কাজ চলছে।

/এসবি/