শিরোনাম

‘৩০ লাখ কোটি টাকা ঋণের বোঝা সরকারের কাঁধে পড়েছে’

নিজস্ব প্রতিবেদক
‘৩০ লাখ কোটি টাকা ঋণের বোঝা সরকারের কাঁধে পড়েছে’
ডিসি সম্মেলনে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

বর্তমান সরকার ৩০ লাখ কোটি টাকা ঋণের বোঝা নিয়ে যাত্রা শুরু করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৩ মে) রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে আয়োজিত চার দিনব্যাপী ডিসি সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘দেশের ইতিহাসে সবচেয়ে ভঙ্গুর অর্থনীতি, দুর্বল ও বিভাজিত জনপ্রশাসন এবং অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্যে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করেছে। গত আড়াই মাসে পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও তা সন্তোষজনক না। বিগত ফ্যাসিবাদী সরকারের দুর্নীতি ও লুটপাটের ফলে রাষ্ট্র ও জনগণের ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা কাঁধে নিয়ে সরকারকে কাজ করতে হচ্ছে।’

যুদ্ধ পরিস্থিতি বর্তমান সরকারের একটি বড় চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেন, ‘যুদ্ধ পরিস্থিতি থেকে কোনো দেশই রেহাই পায়নি। তবে জনগণের ভোগান্তি না বাড়িয়ে কীভাবে পরিস্থিতি মোকাবিলা করা যায়, সেই প্রচেষ্টা সরকার অব্যাহত রেখেছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘দলমত নির্বিশেষে রাষ্ট্রের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই এ সরকারের অন্যতম লক্ষ্য।’

উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ করে তিনি বলেন, ‘সরকারের নীতি ও পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে আপনারা (জেলা প্রশাসক) জনগণের সঙ্গে সরকারের প্রধান সেতুবন্ধন। আপনাদের সততা, কর্মদক্ষতা ও দায়বদ্ধতার উপরই সরকারের গৃহীত কার্যক্রমের সাফল্য নির্ভরশীল। আপনারা বিধিবদ্ধ নিয়ম মেনে সরকারের গৃহীত কর্মসূচিগুলো জনগণের কাছে বাস্তবায়ন করবেন, এটাই জনপ্রশাসনের কাছে সরকারের প্রত্যাশা।’

/এফআর/