শিরোনাম

হরমুজ প্রণালি ব্যবস্থাপনায় সিদ্ধান্ত নেবে ইরান-ওমান, মধ্যস্থতায় কাতার

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
হরমুজ প্রণালি ব্যবস্থাপনায় সিদ্ধান্ত নেবে ইরান-ওমান, মধ্যস্থতায় কাতার
হরমুজ প্রণালির স্যাটেলাইট চিত্র

হরমুজ প্রণালির ভবিষ্যৎ নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ছড়িয়ে পড়া নানামুখী খবর নাকচ করে দিয়েছে ইরানের একটি দায়িত্বশীল রাজনৈতিক সূত্র। তেহরান জানিয়েছে, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এ জলপথের যেকোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে কেবল ইরান ও ওমানের।

ইরানি সংবাদমাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে ইরান ও ওমানের আঞ্চলিক ও অভ্যন্তরীণ জলসীমার অন্তর্ভুক্ত। এর ব্যবস্থাপনার চূড়ান্ত কর্তৃত্বও এই দুই প্রতিবেশী দেশের ওপরই ন্যস্ত। ইরান ও ওমানের মধ্যকার চলমান দ্বিপক্ষীয় আলোচনায় কাতারের অংশ নেওয়ার বিষয়ে সূত্রটি জানিয়েছে, ইসলামাবাদ সমঝোতা স্মারকের ৫ নং অনুচ্ছেদ অনুযায়ী প্রণালির ভবিষ্যৎ ব্যবস্থা নির্ধারণের মূল দায়িত্ব ইরানের এবং এ বিষয়ে ওমানের সঙ্গেই আলোচনা চলছে। কাতারের ভূমিকা মূলত একজন মধ্যস্থতাকারী হিসেবে ইরান ও অন্যান্য আঞ্চলিক দেশগুলোর মধ্যে আলোচনা সহজতর করা।

এদিকে, ইরানের অপর একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে, মার্কিন হুমকি ও গণমাধ্যমের নেতিবাচক প্রচারণাকে উপেক্ষা করেই তেহরান হরমুজ প্রণালি ব্যবস্থাপনার নিজস্ব পরিকল্পনা বাস্তবায়ন করে যাবে। ইরানের সশস্ত্র বাহিনী ও আলোচক দলের মধ্যে মতবিরোধের অভিযোগকে ভিত্তিহীন দাবি করে সূত্রটি জানায়, নিজেদের প্রণীত পরিকল্পনা থেকে পিছু হটার কোনো ইচ্ছা ইরানের নেই। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের কথা উল্লেখ করে সূত্রটি আরও দাবি করে, উক্ত চুক্তি অনুযায়ী ইরানের নির্ধারিত ব্যবস্থাপনার অধীনেই কেবল হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হবে এবং এর বাইরে অন্য কোনো নতুন পথ বা পদ্ধতি চালুর সুযোগ দেওয়া হবে না। একই সঙ্গে তেহরান হুঁশিয়ারি দিয়েছে, ইরানের বিরুদ্ধে যেকোনো হুমকির কঠোর জবাব দেওয়া হবে। এছাড়া অব্যাহত চাপ সৃষ্টি করার চেষ্টা চলমান আলোচনা প্রক্রিয়া ও চূড়ান্ত চুক্তির সম্ভাবনাকে মারাত্মকভাবে ব্যাহত করতে পারে।

সূত্র: মেহের নিউজ এজেন্সি

/এমএকে/