ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ফেনী সংবাদদাতা
ফেনী সংবাদদাতা
ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী
ফেনী সদর হাসপাতাল মোড়ে পৌঁছেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর

একদিনের সফরে ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর দেড়টার দিকে ফেনী সদর হাসপাতাল মোড়ে পৌঁছান তিনি।

এ সময় সড়কজুড়ে স্লোগান ও করতালির মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান উপস্থিত নেতাকর্মীরা। সড়কের বিভিন্ন স্থান থেকে ‘প্রধানমন্ত্রীর আগমন, শুভেচ্ছা স্বাগতম’, ‘প্রধানমন্ত্রী তোমাকে, লাল গোলাপ শুভেচ্ছা’, ‘ফেনীবাসীর পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা’-এমন নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ।

এর আগে, বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৮টা ৪০ মিনিটে গুলশানের বাসা থেকে ফেনীর উদ্দেশে যাত্রা শুরু করেন প্রধানমন্ত্রী।

সফরসূচি অনুযায়ী, পরশুরামের মুহুরী ব্রিজ এলাকায় ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন’ প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছাবিনিময় করবেন তিনি। এরপর ফেনীর তিন উপজেলার সরকারি কার্যালয়ের ছাদে স্থাপিত রুফটপ সোলার প্রকল্প থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

এদিকে, দুপুর সোয়া ১টার দিকে ফুলগাজী উপজেলার বেগম খালেদা জিয়া মহিলা কলেজের উদ্দেশে রওনা হবেন তিনি। সেখানে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। দুপুর ২টার দিকে ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

বিকাল ৩টায় ফুলগাজী সরকারি পাইলট হাই স্কুল মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ করবেন। পাশাপাশি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানি ভাতা প্রদান কার্যক্রমে অংশ নেবেন।

দিনব্যাপী কর্মসূচি শেষে বিকাল ৫টায় সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী। রাত ৯টার দিকে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

/এসবি/