শিরোনাম

বিমানের টোকিও ফ্লাইট চালু হচ্ছে জুনে

নিজস্ব প্রতিবেদক
বিমানের টোকিও ফ্লাইট চালু হচ্ছে জুনে
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। ছবি: সংগৃহীত

আগামী জুন মাস থেকে ঢাকা-টোকিও রুটে ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, বিমান লিজ নেওয়ার চিন্তা চলছে, এ বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা নেওয়া হয়েছে। তবে কিছু বিমান কিনতে হবে। এ ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার একটি ‘রাফ ড্রাফট’ করে দিয়েছিল। সে বিষয়ে ৩০ এপ্রিলের মধ্যে সিদ্ধান্ত হবে।

তিনি বলেন, ১৪টি বোয়িং বিমান কেনা হবে। এয়ারবাসের সঙ্গেও কথা বলছি। মিক্সড ফ্লাইট করার চিন্তা করছে সরকার। ২ থেকে ৩ মাসের লিজ নিয়ে বিমান বহর বাড়িয়ে তা লাভজনক করার চেষ্টা করছি। ইতোমধ্যে আমরা ২ মাসের মধ্যে কিছুটা লাভের দিকে আছি।

এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, আগামী জুন থেকে টোকিওতে ফ্লাইট চালু হবে। কত স্লট দেওয়া যায় সেটি নিয়ে ভাবা হচ্ছে, লাভজনক হলে স্লট আরোও বাড়ানো হবে।

/এসবি/