শিরোনাম

কেয়া গ্রুপের চার প্রতিষ্ঠানে ৬১৩ শ্রমিক ছাঁটাই

গাজীপুর সংবাদদাতা
গাজীপুর সংবাদদাতা
কেয়া গ্রুপের চার প্রতিষ্ঠানে ৬১৩ শ্রমিক ছাঁটাই
সকালে কারখানার মূল ফটকে এসে শ্রমিকরা ছাঁটাইয়ের নোটিশ দেখতে পান

গাজীপুর নগরের জরুন এলাকায় কেয়া গ্রুপের নীট কম্পোজিট ডিভিশন, স্পিনিং ডিভিশন, কটন ডিভিশন ও কেয়া ইয়ার্ন মিলস লিমিটেডের ৬১৩ জন শ্রমিক ছাঁটাই করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল থেকে কারখানার মূল ফটকে এসে শ্রমিকরা ছাঁটাইয়ের নোটিশ দেখতে পান। এ সময় তাদের মধ্যে চাপা ক্ষোভ দেখা গেছে।

এর আগে, গতকাল সোমবার সন্ধ্যায় কারখানার মূল ফটকে ছাঁটাইকৃত শ্রমিকদের নামের তালিকা টাঙিয়ে দেওয়া হয়।

কারখানার ব্যবস্থাপনা পরিচালক চেয়ারম্যানের সই করা নোটিশে উল্লেখ করা হয়, ব্যাংকিং জটিলতা, গ্যাস বিল পরিশোধ করতে না পারায় গ্যাস সংযোগ বিচ্ছিন্নতা এবং প্রয়োজনের অতিরিক্ততার কারণে ফ্যাক্টরীর উৎপাদন ও প্রশাসনিক খরচ কমিয়ে আনার লক্ষ্যে কর্তৃপক্ষ সব সেকশন/বিভাগ এবং ডিভিশন থেকে কিছু পদ বিলুপ্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

এতে আরও জানানো হয়, এ পরিপ্রেক্ষিতে ফ্যাক্টরির অতিরিক্ত শ্রমিক ও কর্মচারীদের আজ থেকে ছাঁটাই করার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে কারখানা কর্তৃপক্ষ। ভবিষ্যতে ফ্যাক্টরিতে পুনরায় নতুন কর্মী নিয়োগের প্রয়োজন হলে ছাঁটাইকৃত দক্ষ শ্রমিকদের অগ্রাধিকার ভিত্তিতে পুনরায় নিয়োগ দেওয়া হবে।

নোটিশে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ধারা ২০ মোতাবেক আইনানুগ পাওনাদি পরিশোধ করা হবে।

বিষয়টি নিশ্চিত করে কেয়া গ্রুপের মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপক সাবিনা ইয়াসমিন বলেন, ছাঁটাইকৃত শ্রমিকদের ৩০ কর্ম দিবসের মধ্যে শ্রমও আইন অনুযায়ী সব পাওনাদি পরিশোধ করা হবে।

গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, কেয়া গ্রুপের ৬২৭ শ্রমিক ছাঁটাইর নোটিশ পাঠিয়েছে কর্তৃপক্ষ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কারখানার মূল ফটকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

/এফআর/