গোপালগঞ্জে ‘খিচুড়ি নিয়ে আনসারদের পাশে ছাত্রলীগ’– যা বললো বাহিনী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জে ‘খিচুড়ি নিয়ে আনসারদের পাশে ছাত্রলীগ’– যা বললো বাহিনী
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। গ্রাফিক্স: সিটিজেন জার্নাল

‘বৃষ্টিতে খিচুড়ি নিয়ে আনসারদের পাশে ছাত্রলীগ’– এমন শিরোনামে কিছু গণমাধ্যমে প্রকাশিত খবরকে ‘বিভ্রান্তিকর’ বলে বর্ণনা করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে এক বিবৃতিতে বাহিনীটি বলেছে, গোপালগঞ্জ জেলা কারাগারের নিরাপত্তায় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে আনসার ব্যাটালিয়নের সদস্যরা দায়িত্ব পালন করছেন। তাদের জন্য জেলা আনসার ও ভিডিপি কার্যালয় থেকে বৃহস্পতিবার দুপুরে খাবার নিয়ে যাচ্ছিলেন কর্মীরা। এ সময় পথে তারা ‘বিভিন্ন বাধা ও প্রতিকূলতার’ মুখে পড়েন।

এতে বলা হয়, ‘একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত একদল দুর্বৃত্ত তাদের জিম্মি করে এবং ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে খাবার ছিনিয়ে নেয়। পরবর্তীতে এ খাবার বহনের ভিডিও ধারণ করে ঘটনাটিকে নিজেদের কর্মকাণ্ড হিসেবে অপপ্রচার করে এবং আনসার সদস্যদের খাবার সরবরাহের বিষয়টিকে রাজনৈতিকভাবে ভিন্ন আঙ্গিকে উপস্থাপনের অপচেষ্টা চালায়।’

বাহিনীটি বলছে, ‘বৃষ্টিতে খিচুড়ি নিয়ে আনসারদের পাশে ছাত্রলীগ’ শিরোনামে কিছু গণমাধ্যমে প্রকাশিত তথ্য প্রকৃত ঘটনার সঙ্গে ‘সামঞ্জস্যপূর্ণ’ নয়। তা বাস্তব প্রেক্ষাপট আড়াল করে ‘বিভ্রান্তি সৃষ্টির’ অপপ্রয়াস।

বিবৃতিতে বলা হয়, ‘খাবার সরবরাহের সঙ্গে জড়িত স্টাফকে জিম্মি করে, ভয়ভীতি প্রদর্শন করে এবং পরিস্থিতির সুযোগ নিয়ে ভিডিও ধারণের ঘটনার উদ্দেশ্যপূর্ণ রাজনৈতিক প্রচার সম্পূর্ণ বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত।’

আনসার বাহিনী বলছে, দেশের আইনশৃঙ্খলা, জননিরাপত্তা ও গুরুত্বপূর্ণ স্থাপনার সুরক্ষায় পেশাদারত্ব ও নিষ্ঠার সঙ্গে তারা দায়িত্ব পালন করে আসছে।

বাহিনীটি আরও বলেছে, ‘প্রতিকূল পরিস্থিতিতে দায়িত্ব পালনরত সদস্যদের জন্য খাবার সরবরাহের ঘটনাকে বিকৃতভাবে উপস্থাপন করে বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

/এফসি/