শিরোনাম

জনগণের কল্যাণ নিশ্চিত করাই সরকারের প্রধান দায়িত্ব: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
জনগণের কল্যাণ নিশ্চিত করাই সরকারের প্রধান দায়িত্ব: প্রধানমন্ত্রী
সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: ভিডিও থেকে নেওয়া

জনগণের কল্যাণ নিশ্চিত করাই সরকারের প্রথম ও প্রধান দায়িত্ব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপনী বক্তৃতায় এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান শিক্ষাব্যবস্থা আমার কাছে গ্রহণযোগ্য নয়। আমি একটি আধুনিক, মানসম্মত ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ গড়ে তুলতে চাই। এ লক্ষ্য বাস্তবায়নে আগামী জুলাই মাস থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে স্কুলব্যাগ, পোশাক ও জুতা সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, রাজনৈতিক পরিস্থিতির কারণে আমাকে দীর্ঘ সময় বিদেশে থাকতে হয়েছে। সে সময় বিদেশের শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো ও পরিবেশ দেখে মনে প্রশ্ন জেগেছে বাংলাদেশের শিক্ষার্থীরা কবে এমন সুযোগ-সুবিধা পাবে। সেই অভিজ্ঞতা থেকেই দেশের শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আনার সংকল্প আরও দৃঢ় হয়েছে।

তারেক রহমান বলেন, অতীতে বিএনপি সরকার দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের শিক্ষা অবৈতনিক করেছিল। সেই ধারাবাহিকতায় এবার সরকার স্নাতক পর্যায় পর্যন্ত তা সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি মেধাভিত্তিক উপবৃত্তির ব্যবস্থাও রাখা হবে। যাতে শিক্ষার্থীরা আরও উৎসাহিত হয়।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে জ্বালানি সংকটে দেশের মানুষ ভোগান্তির শিকার হয়েছে। এ সমস্যা সমাধানে সরকার বিরোধী দলের প্রস্তাব গ্রহণ করে একটি যৌথ কমিটি গঠন করেছে এবং দ্রুত সমাধানের আশা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী বলেন, সাম্প্রতিক বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় তালিকা প্রণয়নে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’ কার্যক্রমের ওপর বিশেষ গুরুত্ব দেয়ার কথাও তুলে ধরেন তিনি।

/এসবি/