শিরোনাম

আওয়ামী লীগ ও জামায়াত মুক্তিযুদ্ধ চায়নি: ডিএসসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগ ও জামায়াত মুক্তিযুদ্ধ চায়নি: ডিএসসিসি প্রশাসক
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধ চায়নি মন্তব্য করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন, তারা দুই দলই ইনডিরেক্টলি মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। সে কারণে আজকে আওয়ামী লীগ যে পথে হেঁটেছে, জামায়াতও একই পথের নাবিক। তবে, মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়নের জন্য বিএনপির জন্ম হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আব্দুস সালাম বলেন, স্বাধীনতার ৫৫ বছর পরেও আজকে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বিভিন্ন কথা শুনতে হয়। আমরা লড়াই করেছিলাম দেশটা স্বাধীন করার জন্য এবং স্বাধীনতার পরবর্তী সময়ে দেশটাকে গড়ে তোলার জন্য। কিন্তু, আজকে দুইটা শক্তির কারণে দেশ এখনো মাঝে মাঝে মুখ থুবড়ে পড়ে। একটা শক্তি মুক্তিযুদ্ধকে দলীয়করণ করার চেষ্টা করেছে। আরেকটা শক্তি হচ্ছে, মুক্তিযুদ্ধের সময় বিরোধী অবস্থানে ছিল। এখনো মানসিকভাবে তারা মুক্তিযুদ্ধকে স্বীকার করতে পারে না।

তিনি বলেন, দুইটা শক্তি পাকিস্তানের পক্ষে ছিল। আওয়ামী লীগ যেমনিভাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিল, আরেকটা শক্তি পাকিস্তানকে টিকিয়ে রাখতে চেয়েছে। এই দুইটা শক্তির মাঝামাঝিতে বিএনপির অবস্থান। বিএনপির অবস্থান যে সঠিক, সেটা কিন্তু বারবার প্রমাণিত হয়েছে। বিএনপি দেশের জন্য লড়াই করেছে। লড়াই পরবর্তী সময়ে দেশের জন্য বিএনপি গঠন করা হয়েছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগসহ বর্তমান বিরোধীদল বিশ্বাসই করতে পারেনি যে, আমাদের নেতা তারেক রহমান জনগণের এতো জনপ্রিয়তা নিয়ে দেশে ফিরে আসবে। এর মাধ্যমে প্রমাণিত হয়েছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরে যেমনি বেগম খালেদা জিয়া, এরপরে আমাদের নেতা তারেক রহমান। আওয়ামী লীগ যেভাবে তারেক রহমানের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে চেয়েছিল, তেমনিভাবে আরেকটা দলও নির্বাচনের সময় একই কাজ করেছে। কিন্তু জনগণের সমর্থনে আবারও প্রমাণিত হয়েছে, বিএনপি এদেশের সবচেয়ে জনপ্রিয় দল।

ডিএসসিসি প্রশাসক বলেন, আজকে দুইটি শক্তির বিরুদ্ধে লড়াই করে বিএনপি টিকে আছে। জোরজবরদস্তি করে নয়, জনগণকে সাথে নিয়েই টিকে আছে। জনগণও বিএনপির সাথে আছে।

সংসদ অধিবেশনের প্রথম দিন জাতীয় সংগীতের সময় বিরোধীদলের সদস্যরা দেরিতে দাঁড়ানোর প্রসঙ্গকে টেনে এনে তিনি বলেন, মনের দিক থেকে এখনো তারা দেশের স্বাধীনতাকে স্বীকার করতে পারেনি। দুজনের (জামায়াত এবং আওয়ামী লীগ) মনেই কিন্তু পাকিস্তান। বিএনপির মনে পাকিস্তান নেই। বিএনপির মনে, সবার আগে বাংলাদেশ।

তিনি আরও বলেন, রাজনীতি দিয়ে আমরা আওয়ামী লীগকে মোকাবেলা করেছি। রাজনীতি দিয়েই জামায়াতসহ সবাইকে মোকাবেলা করবো।

আলোচনা সভায় বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নুরুল ইসলাম মনি এবং আয়োজক কমিটির সভাপতি হুমায়ুন কবির বেপারীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

/এমআর/