জমির প্রকৃত বাজারদর নির্ধারণে নতুন বিধিমালা, বদলাচ্ছে মূল্যায়ন পদ্ধতি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
জমির প্রকৃত বাজারদর নির্ধারণে নতুন বিধিমালা, বদলাচ্ছে মূল্যায়ন পদ্ধতি
প্রতীকী ছবি

জমি ও স্থাবর সম্পত্তি নিবন্ধনে দীর্ঘদিনের সর্বনিম্ন বাজারমূল্য নির্ধারণের পদ্ধতি থেকে সরে আসছে সরকার। এখন থেকে জমির প্রকৃত বাজারদর বিবেচনায় নিয়ে সম্পত্তির মূল্য নির্ধারণ করা হবে। এ লক্ষ্যে ‘সম্পত্তির সর্বনিম্ন বাজারমূল্য নির্ধারণ বিধিমালা, ২০১০’ সংশোধন করেছে নিবন্ধন অধিদপ্তর। নতুন বিধিমালায় শুধু আগের দলিলের দাম নয়, স্থানীয় বাজারদর, সাম্প্রতিক লেনদেন, জমির অবস্থান, যোগাযোগ ও অবকাঠামোগত সুবিধাসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে নিবন্ধন অধিদপ্তর। সংশোধিত বিধিমালায় নাম থেকে ‘সর্বনিম্ন’ শব্দটি বাদ দেওয়ার পাশাপাশি বাজারমূল্যের সংজ্ঞায়ও পরিবর্তন করা হয়েছে। ফলে জমির একটি সর্বনিম্ন মূল্য নির্ধারণের পরিবর্তে প্রকৃত বাজারদর নিরূপণ করাই হবে সংশ্লিষ্ট কমিটির প্রধান দায়িত্ব।

নতুন নিয়ম বাস্তবায়নে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে তিন স্তরের কমিটি গঠন করা হয়েছে। বিভাগীয় কমিশনারের নেতৃত্বাধীন কমিটি সিটি করপোরেশন এলাকার জমির মূল্য নির্ধারণ করবে। জেলা প্রশাসকের (ডিসি) নেতৃত্বে জেলা কমিটি কাজ করবে পৌরসভা ও ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায়। অন্যদিকে, এসব এলাকার বাইরে জমির বাজারমূল্য নির্ধারণ করবে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বাধীন কমিটি। প্রতিটি কমিটিতে জেলা ও উপজেলা পর্যায়ের নিবন্ধন কর্মকর্তাদের পাশাপাশি প্রশাসন, ভূমি, গণপূর্ত ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা থাকবেন।

পূর্বের ব্যবস্থায় জেলা রেজিস্ট্রারের নেতৃত্বাধীন কমিটি মূলত সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রি এলাকার নিবন্ধিত দলিলের গড়মূল্যের ভিত্তিতে জমির দাম নির্ধারণ করতো। প্রতি দুই বছর পরপর নির্দিষ্ট সময়ের নিবন্ধিত সাব-কবলা দলিলের মূল্য বিশ্লেষণ করে মৌজাভিত্তিক তালিকা তৈরি করা হতো। কোনো মৌজায় ওই সময়ে জমি কেনাবেচা না হলে আগের মূল্যই বহাল থাকতো। তবে দলিলে দেখানো দাম অনেক ক্ষেত্রে প্রকৃত লেনদেনের অর্থের সঙ্গে না মেলায় এ পদ্ধতিতে বাজারদরের যথাযথ প্রতিফলন নিয়ে প্রশ্ন ছিল।

নতুন বিধিমালায় মূল্য নির্ধারণে ৬ ধরনের তথ্য বিবেচনা বাধ্যতামূলক করা হয়েছে। এর মধ্যে রয়েছে জমির শ্রেণি, ব্যবহার ও অবস্থান, যোগাযোগ ও অবকাঠামোগত সুবিধা, সরকারি সম্পত্তির নির্ধারিত মূল্য, বিভিন্ন সরকারি সংস্থা ও উন্নয়ন কর্তৃপক্ষের মূল্য, স্থানীয় বাজারদর ও গণশুনানির তথ্য এবং আগের দলিলসহ সাম্প্রতিক কেনাবেচার হিসাব। এসব তথ্য যাচাই-বাছাই ও বিশ্লেষণ করেই চূড়ান্ত মূল্য নির্ধারণ করতে হবে।

এছাড়া, নতুন নিয়মে একই মৌজার সব জমির জন্য অভিন্ন মূল্য নির্ধারণের বাধ্যবাধকতা প্রত্যাহার করা হয়েছে। জমির অবস্থান ও বৈশিষ্ট্য অনুযায়ী একাধিক ক্লাস্টারে ভাগ করে পৃথক মূল্য নির্ধারণ করা যাবে। ফলে প্রধান সড়কসংলগ্ন জমি, ভেতরের সরু রাস্তার জমি কিংবা নিচু ও জলাবদ্ধ এলাকার জমির দামের পার্থক্য মূল্যায়নে উঠে আসার সুযোগ তৈরি হবে।

অন্যদিকে, বাজারমূল্যের তালিকার কার্যকারিতার মেয়াদ দুই বছর থেকে বাড়িয়ে তিন বছর করা হয়েছে। মেয়াদ শেষ হওয়ার বছর ১ অক্টোবর থেকে ৩০ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কমিটিকে মৌজাভিত্তিক মূল্যতালিকা প্রস্তুত করতে হবে। ১৫ ডিসেম্বরের মধ্যে তা নিবন্ধন মহাপরিদর্শকের কাছে পাঠানোর বিধান রাখা হয়েছে। তবে প্রয়োজন হলে আগাম পুনর্নির্ধারণের সুযোগও রয়েছে। চূড়ান্ত তালিকা সংশ্লিষ্ট সরকারি দপ্তরে পাঠানোর পাশাপাশি ওয়েবসাইটে প্রকাশ করতে হবে।

বায়না দলিলের ক্ষেত্রেও আগের নিয়ম বহাল রাখা হয়েছে। বায়নাপত্রে উল্লেখ করা মূল্য বাজারমূল্যের চেয়ে কম হলে বিক্রয় দলিল নিবন্ধনের সময়কার বাজারদর প্রযোজ্য হবে। অন্যদিকে, বায়নাপত্রের মূল্য বেশি হলে সেই মূল্যেই নিবন্ধন করতে হবে। আদালতের মাধ্যমে সম্পাদিত দলিলের ক্ষেত্রে আদালতের দলিলে উল্লেখিত মূল্য অনুসরণ করা হবে।

বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি ও মুন্সীগঞ্জের জেলা রেজিস্ট্রার মোহাম্মদ রমজান খান বলেন, উদ্যোগটি ইতিবাচক হলেও প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের নেতৃত্বে মূল্য নির্ধারণে স্বার্থের সংঘাত ও প্রভাব বিস্তারের আশঙ্কা রয়েছে। এটি কারিগরি বিষয় হওয়ায় এনবিআরের করনীতি উইংয়ের অধীনে সার্ভেয়ার, প্রকৌশলী ও বিশেষজ্ঞদের সহায়তায় মূল্য নির্ধারণ করা উচিত।

তিনি বলেন, গণশুনানিতে ব্যক্তিগত স্বার্থ ও প্রভাবের ঝুঁকি রয়েছে। তবে প্রকৃত বাজারমূল্যে নিবন্ধন নিশ্চিত করা গেলে সরকারের রাজস্ব বাড়বে এবং কালো টাকা গোপনের সুযোগ কমবে। ডিজিটাল নিবন্ধনব্যবস্থা চালু হলে দলিলের মূল্য ও আয়কর নথিতে থাকা সম্পদের তথ্য যাচাই করাও সহজ হবে।

নিবন্ধন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক মো. আশরাফুজ্জামান বলেন, নতুন বিধিমালার অধীনে বাজার মূল্য নির্ধারণের কাজ শুরু হলে আগের পদ্ধতির সঙ্গে তুলনা করে এর কার্যকারিতা বোঝা যাবে। সরকার যেভাবে নির্দেশনা দেবে, অধিদপ্তর সেভাবেই কাজ করবে।

/এসবি/