দলিল নিবন্ধন কার্যক্রম কোন মন্ত্রণালয়ের অধীনে থাকবে জানালেন আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
দলিল নিবন্ধন কার্যক্রম কোন মন্ত্রণালয়ের অধীনে থাকবে জানালেন আইনমন্ত্রী
বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিআরএস) বার্ষিক সাধারণ সভায় বক্তব্য দেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। শনিবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে।

দলিল নিবন্ধন কার্যক্রম ভূমি মন্ত্রণালয়ে নেওয়ার প্রস্তাব দেওয়া হলেও তা আইন মন্ত্রণালয়ের অধীনেই থাকবে। আইনমন্ত্রী আসাদুজ্জামান শনিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিআরএস) বার্ষিক সাধারণ সভায় এ সিদ্ধান্তের কথা জানান।

আসাদুজ্জামান বলেন, ‘ইতোমধ্যেই ভূমি মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি একটা রেজুলেশন পাস করেছে যে আপনাদের সাব-রেজিস্ট্রি ডিপার্টমেন্টটা ভূমি মন্ত্রণালয়ের অধীনস্থ হবে। আমরা আইন মন্ত্রণালয় থেকে দ্ব্যর্থহীন ভাষায় বলে দিয়েছি, আইনি কাঠামোর মধ্যে যেহেতু এই মন্ত্রণালয়ে আছে, এই মন্ত্রণালয়ের অধীনেই থাকবে।’

কর আদায় ও বাজেটে নিবন্ধন অধিদপ্তরের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরতে গিয়ে তিনি বলেন, ‘কর আদায় বা বাংলাদেশের প্রতি বছরের যে বাজেট, সেই বাজেটে অন্যতম ভূমিকা পালন করে। সেই তুলনায় আমরা লক্ষ্য করি রেজিস্ট্রেশন বিভাগ সবচেয়ে অবহেলিত। এই জায়গার উত্তরণ প্রয়োজন।’

এর আগে ৮ নভেম্বর ভূমি নিবন্ধন কার্যক্রম ভূমি মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করার সুপারিশ করেছে ভূমি মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,৬১টি জেলা রেজিস্ট্রার কার্যালয় ও ৪৯৭টি সাব-রেজিস্ট্রার কার্যালয়ের মাধ্যমে সারাদেশে নিবন্ধন অধিদপ্তরের কার্যক্রম পরিচালনা করা হয়। সম্পত্তি হস্তান্তর, বিভিন্ন প্রকার দলিল নিবন্ধন, নিবন্ধিত দলিলের তথ্য সংরক্ষণ এবং বিভিন্ন ধরনের রাজস্ব ও কর আদায় নিবন্ধন অধিদপ্তরের কাজ।

এ সংস্থার কর্মীদের দাবি বাস্তবায়নে নিজের অবস্থান তুলে ধরে আইনমন্ত্রী বলেন, ‘উত্তরণ সাধন করার জন্য যা যা করণীয়, আমার জায়গা থেকে কোনো রকম লিমিটেশন থাকবে বলে আমি বিশ্বাস করি না। আপনাদের যেসব দাবি দিয়েছেন, তার মধ্যে যৌক্তিক দাবিগুলো পূরণে যা যা করণীয়, সেটা আমরা করব।’

রেজিস্ট্রি অফিস নিয়ে মানুষের অভিজ্ঞতা যে ভালো নয়, সে কথা মনে করিয়ে দিয়ে আসাদুজ্জামান বলেন, এই ডিপার্টমেন্ট সম্পর্কে মানুষের মধ্যে একটা নেতিবাচক ধারণা আছে। এটার থেকে বের হয়ে আসতে হলে আপনাদেরকেও একইভাবে ভূমিকা নিতে হবে।

নিজের এলাকা ঝিনাইদহের শৈলকুপা উপজেলার একটি ডিগ্রি কলেজের জমি বিনিময়ের দলিল নিবন্ধন নিয়ে ভোগান্তির উদাহরণ তুলে ধরে আসাদুজ্জামান বলেন, ‘আমি যে উপজেলা থেকে এসেছি, ওই উপজেলার একটা ডিগ্রি কলেজ তার পার্শ্ববর্তী জমির একটা এওয়াজ (বদল বা বিনিময়) দলিল রেজিস্ট্রি করবে। কলেজের ম্যানেজিং কমিটির সভাপতিকে দীর্ঘ আট মাস ঘুরতে হয়েছে আপনার সাব-রেজিস্ট্রার এবং জেলা রেজিস্ট্রারের কাছে।’

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,৬১টি জেলা রেজিস্ট্রার কার্যালয় ও ৪৯৭টি সাব-রেজিস্ট্রার কার্যালয়ের মাধ্যমে সারাদেশে নিবন্ধন অধিদপ্তরের কার্যক্রম পরিচালনা করা হয়।

বিষয়টি জানার পর আইনমন্ত্রী আসাদুজ্জামান প্রথমে বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করতে বলেছিলেন। কিন্তু তাতে কোনো কাজ না হওয়ায় তিনি নিজে এই বিষয়ে রেজিস্ট্রার কার্যালয়ে কথা বলেন। সেসব কার্যালয়ে কথা বলার নেতিবাচক অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে মন্ত্রী বলেন, ‘পরে যখন আমি জানতে চেয়েছি, কোন আইন বলে আপনি এটা করছেন না সেটা লিখিতভাবে জানান। লিখিতভাবে কোনো আইন নিশ্চয়ই আপনার কাছে আছে; জনগণকে—এই আট মাস একটা শিক্ষাপ্রতিষ্ঠান তার একটা জমি ইন্টারচেঞ্জ করবে, এক্সচেঞ্জ ডিড করবে, সেখানে কোনো বাধা থাকলে সেটা বলেন। সেটা বলতে পারেননি। তাহলে আট মাস ওই যে মানুষকে ভোগান্তির শিকার করলেন, এর জবাব কে দেবেন?’

এ ধরনের ঘটনা পুরো নিবন্ধন অধিদপ্তরকে প্রশ্নবিদ্ধ করে মন্তব্য করে আইনমন্ত্রী বলেন, ‘এটা তো একজন ব্যক্তির হয় তার ব্যর্থতা, হয় তার অযোগ্যতা, অথবা তার দুর্নীতি যেকোনো কারণেই হোক, এরকম একটি ঘটনা— ছোট্ট ঘটনা এটা গোটা রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টকে প্রশ্নবিদ্ধ করে।’

হয়রানির ঘটনায় শূন্য সহনশীলতা

আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, ‘আমরা চাই আপনাদের সেবায় জনগণ তার আস্থা রাখুক। হয়রানি থেকে মুক্ত হোক। হয়রানিমুক্ত একটি বিভাগ আমরা চাই।’

এ জন্য কর্মকর্তাদের প্রণোদনা দেওয়ার ব্যবস্থা এবং সিনিয়র সাব-রেজিস্ট্রার পদায়নের কথা জানিয়ে তিনি বলেন, ‘হয়রানিমুক্ত বিভাগ প্রতিষ্ঠা করতে যেয়ে আমরা হয়তো প্রণোদনা দেওয়ার জন্য বা ইনস্পায়ারেশনের জন্য ব্যবস্থা করব। সিনিয়র সাব-রেজিস্ট্রার হতে চান, সেটাও দেব। কিন্তু যদি সুনির্দিষ্ট কোনো অভিযোগে যে মানুষ হয়রানি হচ্ছে, আমার কাছে কোনো দরখাস্ত আসে বা কোনো তথ্য আসে, আমি সেখানে জিরো টলারেন্স দেখাতে পিছপা হবো না।’

লটারির মাধ্যমে বদলি শুরু হওয়ার কথা জানিয়ে মন্ত্রী বলেন, ‘সেখানে আমরা লটারির মাধ্যমে ট্রান্সফার শুরু করেছি। এটা হয়তো পর্যায়ক্রমে আরও এক্সপ্যান্ড করব ।’

অনুষ্ঠানে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহ বলেন, দলিল নিবন্ধনে জালিয়াতি রোধ ও রাজস্ব বাড়াতে ৬৩২ কোটি টাকার ভূমি নিবন্ধন অটোমেশন প্রকল্প অনুমোদিত হয়েছে।

৬১টি জেলা সদরে সিনিয়র সাব-রেজিস্ট্রার পদ সৃষ্টি, জেলা রেজিস্ট্রারদের সরকারি গাড়ি, প্রশিক্ষণ একাডেমি স্থাপন এবং নকলনবিশদের চাকরি স্থায়ীকরণের দাবি জানান অ্যাসোসিয়েশনের মহাসচিব।

নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক শামীমা আফরোজ, নিবন্ধন অধিদপ্তরের কর্মকর্তা, বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এর আগে ৮ নভেম্বর ভূমি নিবন্ধন কার্যক্রম ভূমি মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করার সুপারিশ করেছে ভূমি মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। সাবরেজিস্ট্রারদের দৌরাত্ম্য রোধ এবং হয়রানিমুক্ত ভূমিসেবা নিশ্চিত করার লক্ষ্যে এ সুপারিশ করা হয়েছে।

/বিবি/