ভূমি অটোমেশনে ৩৬২ কোটি টাকার পরামর্শক সেবা কিনবে সরকার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ভূমি অটোমেশনে ৩৬২ কোটি টাকার পরামর্শক সেবা কিনবে সরকার
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগো

ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় পরামর্শক সেবা কিনতে ৩৬১ কোটি ৯৬ লাখ ৯৩ হাজার ৯৫০ টাকা ব্যয়ের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এ কাজের জন্য পরামর্শক হিসেবে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশকে সুপারিশ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদনের জন্য সুপারিশ করা হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, ভূমি মন্ত্রণালয়ের প্রস্তাবের আওতায় ভূমি ব্যবস্থাপনা অটোমেশন (দ্বিতীয় সংশোধিত) প্রকল্পের অধীন ‘খতিয়ান ও হোল্ডিংয়ের ডেটা এন্ট্রি, যাচাই ও সংশোধনসংক্রান্ত পরামর্শক সেবা’ কেনা হবে। এ জন্য মূল চুক্তিমূল্য ধরা হয়েছে ৩৬১ কোটি ৯৬ লাখ ৯৩ হাজার ৯৫০ টাকা। কাজটি বাস্তবায়নে ইউএনডিপি বাংলাদেশকে সুপারিশ করা হয়েছে।

অন্যদিকে, ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ২০২৬ শিক্ষাবর্ষে প্রাথমিক স্তরের ৪র্থ ও ৫ম শ্রেণির পাঠ্যপুস্তক মুদ্রণে ২৩ কোটি ৬৭ লাখ টাকা ব্যয় বাড়ানোর সুপারিশ করা হয়েছে। ৯৪টি লটের ৩ কোটি ৬২ লাখ ৯০ হাজার ৭৯২ কপি পাঠ্যপুস্তকের বর্ধিত ফর্মা মুদ্রণের কারণে এ অতিরিক্ত ব্যয় হচ্ছে।

বৈঠক সূত্রে জানা গেছে, ২০২৬ শিক্ষাবর্ষে প্রাথমিক স্তরের ৪র্থ ও ৫ম শ্রেণির পাঠ্যপুস্তক মুদ্রণের জন্য মোট ৯৮টি লট করা হয়। এর মধ্যে ৯৪টি লটের মুদ্রিত পাঠ্যপুস্তকের বর্ধিত ফর্মার জন্য ভেরিয়েশন প্রস্তাব করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

প্রস্তাব অনুযায়ী, এসব বই মুদ্রণের মূল চুক্তিমূল্য ছিল ১৮৭ কোটি ১০ লাখ ৯১ হাজার ৭৬৪ টাকা। এর সঙ্গে অতিরিক্ত ২৩ কোটি ৬৭ লাখ ৬৮ হাজার ৪৬৪ টাকা যুক্ত হচ্ছে। ফলে সংশোধিত চুক্তিমূল্য দাঁড়াচ্ছে ২১০ কোটি ৭৮ লাখ ৬০ হাজার ২২৮ টাকা।

বৈঠক সূত্রে আরও জানা গেছে, মন্ত্রণালয়ের প্রস্তাবে ৯৪টি লটের আওতায় মোট ৩ কোটি ৬২ লাখ ৯০ হাজার ৭৯২ কপি পাঠ্যপুস্তকের বর্ধিত ফর্মা মুদ্রণের কথা বলা হয়েছে। এ কাজের জন্য বিভিন্ন মুদ্রণ প্রতিষ্ঠানকে সুপারিশকৃত দরদাতা হিসেবে বিবেচনা করা হয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রস্তাবটি পর্যালোচনা শেষে অনুমোদনের জন্য সুপারিশ করা হয়।

/এসবি/