কলোনী আবর্জনামুক্ত না রাখলে বরাদ্দ বাতিল

বিশেষ প্রতিনিধি
বিশেষ প্রতিনিধি
কলোনী আবর্জনামুক্ত না রাখলে বরাদ্দ বাতিল
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম

ময়লা-আবর্জনা পরিষ্কারের উদ্যোগ না নিলে কলোনীতে বসবাসকারীদের বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনিবার (১৪ নভেম্বর) ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ প্রকল্পের পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অগ্রগতি নিয়ে পর্যালোচনা সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে এক সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ তথ্য জানান।

প্রেস ব্রিফিংয়ে মীর শাহে আলম বলেন, বর্তমান সরকার বিশেষ করে ঢাকা মহানগরকে ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ করার জন্য উদ্যোগ নিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এটি মনিটরিং করার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালকদের নেতৃত্বে ঢাকা মহানগরের যে ২০টি আঞ্চলিক কার্যালয় রয়েছে তাকে কেন্দ্র করে একটি করে কমিটি গঠন করা হয়েছে। এর সমন্বয়ের দায়িত্বে রয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী।

প্রতিমন্ত্রী আরও বলেন, কমিটির সব সদস্য পুনর্গঠন করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রায় ৬০০ সদস্যকে আমরা একটি দিক নির্দেশনা দিয়েছিলাম। এ কমিটি ২৭ অক্টোবর আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে। ১৪ নভেম্বর পর্যালোচনার সময় প্রধানমন্ত্রী আশ্বস্ত হয়েছেন।

বাসাবাড়ির ময়লা-আবর্জনার অবস্থা সবচেয়ে ‘ভয়াবহ’ উল্লেখ করে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, সরকারি কোয়ার্টারগুলোতে কমিটিগুলো প্রথমে বাসিন্দাদের সচেতন করেছেন, অনুরোধ করেছেন; পরবর্তীতে সিদ্ধান্ত হয়েছে যদি কোন কারণে বসবাসকারীরা ময়লা আবর্জনার বিষয়ে কোন পদক্ষেপ না নেয় বা আগের অবস্থায় যদি থাকে, সেই ক্ষেত্রে তাদের আবাসন বরাদ্দ বাতিল করা হতে পারে। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আজকে এমন সিদ্ধান্ত হয়েছে।

এ সময় প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী, উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি প্রমুখ উপস্থিত ছিলেন।

/এমএকে/