ভাড়ানৈরাজ্য ঠেকাতে সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দাবি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ভাড়ানৈরাজ্য ঠেকাতে সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দাবি
প্রতীকী ছবি

গণপরিবহনে ভাড়ানৈরাজ্য ও যাত্রী হয়রানি বন্ধে অবিলম্বে সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দাবি জানিয়েছে নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সংগঠনের সভাপতি হাজি মোহাম্মদ শহীদ মিয়া ও সাধারণ সম্পাদক আশীষ কুমার দে এক যৌথ বিবৃতিতে সরকারের প্রতি এ দাবি জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে সরকার বাসসহ বিভিন্ন গণপরিবহনের ভাড়া বাড়ালেও ঢাকা মহানগরীতে চলাচলকারী কোনো বাসে মালিকপক্ষ ভাড়ার তালিকা টানায়নি। অথচ নগর পরিবহন ও দূরপাল্লার সব ধরনের বাসে দূরত্ব অনুযায়ী ভাড়ার তালিকা টানানো বাধ্যতামূলক।

তারা বলেন, ভাড়ার তালিকা না থাকার সুযোগে বাসের কন্ডাক্টররা ইচ্ছামতো ভাড়া আদায় করছেন বলেও অভিযোগ করা হয়। এ নিয়ে পরিবহনকর্মী ও যাত্রীদের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটছে।

বিবৃতিতে বলা হয়েছে, গত চার-পাঁচ দিন ধরে রাজধানী ঢাকার নগর পরিবহন এবং ঢাকা ও পার্শ্ববর্তী জেলাগুলোর মধ্যে চলাচলকারী বাস সার্ভিসগুলোতে এমন অরাজকতা চললেও নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নীরব রয়েছে।

বিবৃতিতে গণপরিবহনের এই ভাড়াসন্ত্রাস ও অরাজকতা ঠেকাতে অবিলম্বে ঢাকাসহ সারা দেশে বিআরটিএ ও জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান নেতৃবৃন্দ।