বিশ্বকাপ জিতে শেষটা রাঙাতে চান কোহলি

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপ জিতে শেষটা রাঙাতে চান কোহলি
বিরাট কোহলি

বিরাট কোহলির বয়স ৩৮ ছুঁইছুঁই। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপ কোহলির শেষ বিশ্বকাপ হবে। ভারতের ব্যাটিং গ্রেট নিজেই নিশ্চিত করেছেন বিষয়টি। সর্বস্ব উজাড় করে দিয়ে শিরোপা জিতে শেষটা রাঙাতে চান তিনি।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের ইতিও শিরোপা জিতে করেন কোহলি। ২০২৪ সালে বিশ্বকাপ জয়ের পর এই সংস্করণকে বিদায় বলেন। পরের বছর টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন। এখন কেবল দেশের হয়ে ওয়ানডে খেলছেন ডানহাতি এই ব্যাটসম্যান।

ভারতের হয়ে এখন পর্যন্ত চারটি ওয়ানডে বিশ্বকাপে খেলেছেন কোহলি। যার মধ্যে দুটিতে খেলেছেন ফাইনাল- ২০১১ ও ২০২৩ সালে। ওই দুই আসরের আয়োজক ছিল ভারত। ২০১১ সালে শিরোপা জিতলেও, ২০২৩ সালের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হৃদয়বিদারক হারের তেতো স্বাদ পান কোহলি।

২০২৭ সালের অক্টোবর-নভেম্বরে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় হবে ওয়ানডে বিশ্বকাপের চতুর্দশ আসর।

জিওস্টারকে দেওয়া সাক্ষাৎকারে কোহলি বলেন, ‘এবারের বিশ্বকাপটি হবে বিদেশের মাটিতে। এটা শরীর ও মনের ওপর অনেক প্রভাব ফেলে। এটাই ভারতের হয়ে আমার শেষ বিশ্বকাপ। আর এটাই আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা। নিজের সবটুকু উজাড় করে দিতে চাই।’

ওয়ানডে বিশ্বকাপের লড়াইয়ের তীব্রতাকে অন্য যেকোনো কিছুর চেয়ে আলাদা মনে করেন কোহলি। তিনি বলেন, ‘৫০ ওভারের বিশ্বকাপের তীব্রতা অন্য যেকোনো কিছুর চেয়ে বেশি। কারণ, এখানে টি-টোয়েন্টির মতো তীব্রতায় ১০টি ম্যাচ খেলতে হয়। কিন্তু এক দিনে খেলতে হয় আড়াইটি টি-টোয়েন্টি। আর বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে ১০টি ম্যাচ ধরে এই তীব্রতা ধরে রাখা সত্যিই অনেক বড় ব্যাপার।’

ওয়ানডে বিশ্বকাপে এখন পর্যন্ত ৩৭ ইনিংসে ১ হাজার ৭৯৫ রান করেছেন কোহলি, ব্যাটিং গড় ৫৯.৮৩। বিশ্বকাপে ৫টি সেঞ্চুরি ও ১২টি ফিফটি করেছেন তিনি।

এক দশকেরও বেশি সময় ধরে ভারতের ওয়ানডে দলের গুরুত্বপূর্ণ সদস্যদের একজন কোহলি। তিনি আরও বলেন, ‘অবশ্যই, বিশ্বকাপ জেতাই মূল লক্ষ্য। এর জন্য যা কিছু প্রয়োজন, আমি সবকিছু করতে পুরোপুরি প্রস্তুত।’

ওয়ানডেতে ৩০২ ইনিংসে কোহলির রান ১৪ হাজার ৯৪১, ব্যাটিং গড় ৫৮.৫৯, স্ট্রাইক রেট ৯৩.৯৫।

/টিই/