ইসরায়েলের সঙ্গে মরদেহ সরবরাহের চুক্তি বাতিল মার্কিন বিশ্ববিদ্যালয়ের

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
ইসরায়েলের সঙ্গে মরদেহ সরবরাহের চুক্তি বাতিল মার্কিন বিশ্ববিদ্যালয়ের
ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া

ইসরায়েলি সামরিক বাহিনীর মেডিকেল কর্মীদের প্রশিক্ষণের জন্য মানবদেহ বা ক্যাডাভার সরবরাহের বিতর্কিত ও দীর্ঘমেয়াদী চুক্তি আনুষ্ঠানিকভাবে বাতিল করেছে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া (ইউএসসি)। পাঁচ বছরেরও বেশি সময় ধরে মার্কিন নৌবাহিনীর সহায়তায় এ ব্যবস্থাটি পরিচালিত হচ্ছিল।

ক্যাম্পাসভিত্তিক সংবাদমাধ্যম অ্যানেনবার্গ মিডিয়ার প্রতিবেদনে জানানো হয়, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ইউএসসির কেক স্কুল অব মেডিসিন এবং মার্কিন নৌবাহিনীর মধ্যকার চুক্তির আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘটেছে। পাঁচ বছর মেয়াদী এ চুক্তির আওতায় বিশ্ববিদ্যালয়টি ১০ লাখ ডলারের বেশি অর্থ পেয়েছিল।

তবে শিক্ষার্থীদের সাম্প্রতিক আন্দোলনের চাপে নয় বরং ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া সান ডিয়েগো (ইউসিএসডি) এই প্রকল্পের জন্য মৃতদেহ সরবরাহ অব্যাহত রাখতে অস্বীকৃতি জানানোয় চুক্তিটি শেষ করতে হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসা বিদ্যালয়ের কর্মকর্তারা।

জানা যায়, ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া সান দিয়েগো বা ইউসিএসডি এ কার্যক্রমে মৃতদেহ সরবরাহ বন্ধ করে দেয়। কারণ হিসেবে বলা হয়, মৃতদেহ ব্যবহারকারী সংশ্লিষ্ট অস্ত্রোপচার গবেষণাগারটি নির্দিষ্ট কিছু নিয়মনীতি ও প্রবিধান মেনে চলতে ব্যর্থ হয়েছিল। তবে কেক স্কুল দাবি করেছে, মৃতদেহ অনুদানের এই পুরো প্রক্রিয়ায় ইউএসসি কোনো ধরনের আর্থিক মুনাফা লাভ করেনি।

এদিকে পুরো প্রক্রিয়ার নৈতিকতা নিয়ে শুরু থেকেই তীব্র সমালোচনা চলছিল। এর বড় কারণ ছিল, মৃতদেহ দানকারী পরিবারগুলোকে আগে থেকে জানানো হতো না যে তাদের প্রিয়জনের মরদেহ মার্কিন সামরিক বাহিনী বা অন্য কোনো সামরিক প্রশিক্ষণের কাজে ব্যবহার করা হতে পারে।

এই গোপনীয়তার বিষয়টি জানাজানি হওয়ার পর থেকেই নৈতিক প্রশ্নের জন্ম দেয়। অবশেষে সব জল্পনা ও সমালোচনার মাঝেই চুক্তি বাতিলের এ ঘোষণা এল।

অন্যদিকে, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বৃহত্তম মুসলিম নাগরিক অধিকার সংগঠন কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস বা সিএআইআর-এলএ বিশ্ববিদ্যালয়টির সিদ্ধান্তকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

/এমএকে/