শিরোনাম

পুলিশে ১৪ হাজার ৪০০ সদস্য নিয়োগ দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
পুলিশে ১৪ হাজার ৪০০ সদস্য নিয়োগ দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
সংসদ অধিবেশনে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে নেওয়া

বাংলাদেশ পুলিশে নতুন করে ৪ হাজার নিরস্ত্র এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বারাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে রংপুর-৬ আসনের সংসদ সদস্য মো. নুরুল আমিনের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের জনবল বৃদ্ধিতে নতুন ৪ হাজার এসআই (নিরস্ত্র), ৪০০ সার্জেন্ট পদ ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের উদ্যোগ নিয়েছে সরকার। উল্লিখিত পদগুলো সৃষ্টি হলে রংপুর জেলায়ও জনবল বৃদ্ধি পাবে। এ ছাড়া আগামী ৫ বছরে পর্যায়ক্রমে ডেভেলপড অ্যান্ড অর্গানুগ্রাম ইক্যুইপমেন্টভুক্ত পুলিশের যানবাহন ও জলযানের ঘাটতি রাজস্ব বাজেটের মধ্যে ক্রয়পূর্বক পূরণ করা হবে।

তিনি বলেন, প্রতিটি একাডেমিতে পিরিয়ডিকালি পুলিশের সব পর্যায়ের কর্মকর্তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। সেখানেই নৈতিক, শারীরিক এবং বিভিন্ন একাডেমিক প্রশিক্ষণ হয়। এটি প্রচলিত পদ্ধতি। আলাদাভাবে নৈতিক প্রশিক্ষণের জন্য আপাতত সরকারের কোনো পরিকল্পনা নেই।

পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘আমরা লক্ষ্য করছি, দেশে দিনে-দুপুরে অস্ত্র ব্যবহার করে ছিনতাই হচ্ছে। বিভিন্ন জায়গায় নির্বাচিত সংসদ সদস্যদের ওপর হামলা করা হচ্ছে। সরকার দল কিংবা বিরোধীদলীয় সংসদ সদস্যরা হামলার শিকার হলে যে মামলা হয় সেগুলোর আসামিদের গ্রেপ্তার করা হচ্ছে না। বরং তার প্রেক্ষিতে যেসব ভুয়া মামলা করা হয়– সেসব মামলায় বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। এই প্রসঙ্গে আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী পদক্ষেপ জানতে চাই।’

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘শাহবাগ স্কায়ায়ে বক্তব্য দেওয়া আর পার্লামেন্টে বক্তব্য দেওয়া এক কথা নয়।’

মন্ত্রীর এই বক্তব্যের সঙ্গে সঙ্গে ক্ষোভে ফেটে পড়েন বিরোধীদলীয় সংসদ সদস্যরা। তারা অভিযোগ করেন, স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে অন্যদের তুচ্ছ-তাচ্ছিল্য করেছেন।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি কাউকে উদ্দেশ্য করে এই মন্তব্য করেননি। তবুও সংসদ অধিবেশনে ব্যাপক হট্টগোল দেখা যায়।

/এসবি/