শিরোনাম

আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে নিহত ১২, আহত অর্ধশতাধিক

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে নিহত ১২, আহত অর্ধশতাধিক
আগুন নেভাতে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা

উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়ার উত্তরাঞ্চলীয় উপকূলে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। তীব্র তাপপ্রবাহের মধ্যে উপকূলীয় একাধিক প্রদেশে একযোগে আগুন ছড়িয়ে পড়ায় এ প্রাণহানির ঘটনা ঘটে। নিহতদের মধ্যে জিজেল প্রদেশে পাঁচজন, বেজাইয়াতে চারজন এবং তিনজন তিজি উজু প্রদেশের বাসিন্দা।

পরিস্থিতি নিয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইদ সায়ুদ জানিয়েছেন, অগ্নিকাণ্ডে অন্তত ৫৪ জন দগ্ধ হয়েছেন, যাদের মধ্যে ছয়জনের অবস্থা সংকটাপন্ন। তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে। উদ্ধার তৎপরতা সরাসরি পর্যালোচনা করতে আলজেরিয়ার স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ সিদ্দিক আইত মেসাউদিনকে সঙ্গে নিয়ে আগুনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত বেজাইয়া অঞ্চল সফর করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বেসামরিক সুরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যা নাগাদ দেশজুড়ে ছড়িয়ে পড়া প্রায় ৬৯টি দাবানল নিয়ন্ত্রণে তাদের অগ্নিনির্বাপক কর্মীরা একযোগে কাজ করছেন।

আলজেরিয়ায় গ্রীষ্মকালে বনে আগুন লাগার ঘটনা নিয়মিত হলেও ইদানীং তা ভয়াবহ রূপ নিচ্ছে। জুলাই মাসেই ২ হাজারের বেশি দাবানলের মুখোমুখি হতে হয়েছে অগ্নিনির্বাপক বাহিনীকে। এতে প্রাণ গিয়েছিল অন্তত ছয়জনের। এর আগে তিন বছর আগে বেজাইয়া অঞ্চলে লাগা একটি বিধ্বংসী আগুনে বিস্তীর্ণ বন ও কৃষিজমি ছাই হয়ে যায় এবং ৩০ জন মারা যান।

আবহাওয়া বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের ফলে উত্তর আফ্রিকায় চরম তাপপ্রবাহ এখন একটি স্বাভাবিক চিত্রে পরিণত হয়েছে। বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) তথ্য অনুযায়ী, ১৯৯১ থেকে ২০২৫ সালের মধ্যে আফ্রিকার ছয়টি উপ-অঞ্চলের মধ্যে উত্তর আফ্রিকাতেই সবচেয়ে দ্রুত গতিতে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি প্রকাশিত একটি গবেষণা জানাচ্ছে, কড়া রোদ ও পানির মারাত্মক ঘাটতির কারণে আলজেরিয়ায় গ্রীষ্ম মৌসুমে উটের মৃত্যুহারও আগের চেয়ে অনেক বেড়েছে।

সূত্র: বিবিসি

/এমএকে/