শিরোনাম

জামিন চাই না, বাসায় যাওয়ার প্রয়োজন ফুরিয়েছে: দীপু মনি

আদালত প্রতিবেদক
আদালত প্রতিবেদক
জামিন চাই না, বাসায় যাওয়ার প্রয়োজন ফুরিয়েছে: দীপু মনি
পুলিশি নিরাপত্তায় দীপু মনি

সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, আমি দুই বছর ধরে কারারুদ্ধ আছি। গত এপ্রিল মাসে আমার জামিন আবেদন করা হয়েছে। এখন আমি আর জামিন চাই না। আমার বাসায় যাওয়ার প্রয়োজন ফুরিয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এসব কথা বলেন দীপু মনি। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এদিন তার জামিন শুনানির দিন ধার্য ছিল।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের এই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। তারা জামিন শুনানির সময় উপস্থিত ছিলেন।

জামিন শুনানি শুরুর আগে কথা বলার অনুমতি চান দীপু মনি। তাকে সেই অনুমতি দেন ট্রাইব্যুনাল। পরে এজলাসের কাঠগড়ায় থাকা মাইক্রোফোনে তিনি কথা বলেন।

দীপু মনি বলেন, ‘এর আগে জামিন আবেদন শুনানির সময় ট্রাইব্যুনাল বলেছিলেন, বাসায় গিয়ে কী করবেন? এখন আমার আর বাসায় যাওয়ার দরকার নেই। আমার স্বামী তৌফিক নেওয়াজ ৭ বছর শয্যাশায়ী ছিলেন। তার বাকশক্তিও ছিল না। কোনো কথা বললে চোখের পলক ফেলে উত্তর দিতেন তিনি। আমি ৫ বছর সরকারি দায়িত্ব পালনের সময় শয্যাশায়ী স্বামীর যত্ন নিয়েছি। এ অবস্থায় বাড়ি ছেড়ে আমার স্বামীকে দুই বছর অজ্ঞাত স্থানে থাকতে হয়েছে। আশ্রিত অবস্থায় ছিলেন। আমিও যত্ন নিতে পারিনি। এ জীবন তিনি মেনে নিতে পারেননি।’

গত ১৮ আগস্ট রাতে দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ মারা যান। এর আগে ২৬ এপ্রিল দীপু মনির জামিন আবেদন করেছিলেন তার আইনজীবী।

দীপু মনি জানান, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ৪ মাস আগে তার স্বামীকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বলেন, ‘তখন তার কাছে যাওয়ার জন্য জামিন আবেদন করেছিলাম। ৩৯ বছরের জীবনসঙ্গীর শেষ সময়ে কাছে থাকতে পারিনি। এখন আমার বাসায় যাওয়ার প্রয়োজন ফুরিয়েছে। আমি আর কার কাছে যাব? সন্তানরা জামিন চায়। আমার বাসায় যাওয়ার আর তাড়া নেই।’

ট্রাইব্যুনাল এসময় জানান, তারা খুবই ব্যথিত। দীপু মনির আবেদনের যৌক্তিকতা আছে। কিন্তু তাদের আরও অনেক বিষয় বিবেচনায় নিতে হয়।

দীপু মনির জামিন শুনানির জন্য আগামী ১৭ সেপ্টেম্বর পরবর্তী দিন ধার্য করা হয়েছে।

/এফসি/