শিরোনাম

রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের রুখে দিতে হবে: প্রধানমন্ত্রী

কিশোরগঞ্জ সংবাদদাতা
কিশোরগঞ্জ সংবাদদাতা
রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের রুখে দিতে হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: ভিডিও থেকে

উন্নয়ন কাজে বাধা ও রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেছেন, ‘যারা উন্নয়ন কাজে বাধা দেবে, যারা রাজপথে বিশৃঙ্খলা তৈরি করবে, যারা দেশের মানুষকে মিথ্যা কথা বলে বিভ্রান্ত করবে, তাদের বিরুদ্ধে আপনাদের রুখে দাঁড়াতে হবে।’

রবিবার (১৬ আগস্ট) বেলা সাড়ে ১১টায় কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

ফ্যাসিবাদী শাসকের কথা স্মরণ করিয়ে দিয়ে তারেক রহমান বলেন, ‘যারা বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার বন্ধ করতে চেয়েছিলো, রাজনৈতিক অধিকার হরণ ও মানুষের ভাগ্যের পরিবর্তনের পথ বন্ধ করতে চেয়েছিলো, বাংলাদেশের মানুষ তাদের রুখে দাঁড়িয়েছিল। জনগণ তাদের এই দেশ থেকে বিতাড়িত করেছে।’

এখন দেশকে সামনে এগিয়ে নেওয়ার অধিকার উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা যদি দেশকে সামনে এগিয়ে নিতে না পারি, তাহলে দেশের মানুষকে কষ্ট করে থাকতে হবে। বিগত দিনে কীভাবে দেশের মানুষের অর্থ-সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে, তা আমরা দেখেছি। বর্তমানে গ্যাস-বিদ্যুতের সংকট ফ্যাসিবাদী সরকারের অপরিপক্বতার ফল বলেও উল্লেখ করেন তিনি।

‘সবাইকে হাতে হাত রেখে রাষ্ট্র মেরামতের কাজ শুরু করতে হবে। একসঙ্গে দেশ পুনর্গঠনের কাজ করতে হবে। কারণ, এই দেশের মালিক বাংলাদেশের জনগণ। দেশকে গড়ে তুলতে হলে বাংলাদেশের জনগণকেই সামনে এগিয়ে আসতে হবে,’ যোগ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার সমুন্নত রাখতে বাংলাদেশের জনগণকে সতর্ক থাকতে হবে। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতা রাজপথে নেমে স্বৈরাচারকে বিতাড়িত করেছিল। সেই জনগণকেই এখন সতর্ক থাকতে হবে। যারা দেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে কথা বলবে, যারা দেশের মানুষের জন্য নেওয়া বাস্তব পদক্ষেপগুলোতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, তাদের ব্যাপারে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।’

অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিনসহ আরও অনেকে উপিস্থত ছিলেন।

/জেএইচ/