দক্ষিণ বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
দক্ষিণ বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস
প্রতীকী ছবি

দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে মৌসুমি স্বাভাবিক লঘুচাপ। এর প্রভাবে রংপুর, রাজশাহীসহ দেশের পাঁচ বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে অন্যান্য অঞ্চলের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-একটি স্থানে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য এলাকায় আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রাজশাহীর বাদলগাছীতে। একই সময়ে যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, টাঙ্গাইলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

মৌসুমি স্বাভাবিক লঘুচাপটি বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিত অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

/এফআর/