শিরোনাম

জিডিপিতে পর্যটনের অবদান ৭ শতাংশে উন্নীত করতে চায় সরকার: মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
জিডিপিতে পর্যটনের অবদান ৭ শতাংশে উন্নীত করতে চায় সরকার: মন্ত্রী
ডিসি সম্মেলনে কথা বলছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মিজ আফরোজা খানম। ছবি: সংগৃহীত

সরকার জিডিপিতে পর্যটন খাতের অবদান ৬–৭ শতাংশে উন্নীত করতে চায় বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মিজ আফরোজা খানম। সোমবার (৪ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের প্রথম অধিবেশনে তিনি এ কথা বলেন।

পর্যটন মন্ত্রী বলেন, ‘জনগণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি সরকার তার নির্বাচনী ইশতেহার দ্রুততম সময়ে বাস্তবায়নে বদ্ধপরিকর। আর এ যাত্রায় আমাদের জেলা প্রশাসকগণ মাঠ পর্যায়ের উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নেয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে বলে আমি আশা রাখি। বর্তমানে দেশের জিডিপিতে পর্যটন খাতের অবদান মাত্র ৩ শতাংশ। আমরা একে ৬-৭ শতাংশে উন্নীত করতে চাই।’

তিনি আরও বলেন, ‘দেশে এক হাজার ৭৪২ টি পর্যটন স্পট আছে। তার মানে, দেশের প্রত্যেকটি জেলায় পর্যটন স্পট রয়েছে। আমরা দেশের পর্যটন খাতের উন্নয়নে মাস্টারপ্ল্যান প্রণয়ন করছি। আপনাদের দক্ষতা ও মেধাকে কাজে লাগিয়ে আমরা পর্যটন খাতকে এগিয়ে নিতে পারবো, ইনশাল্লাহ।’

এসময় মিজ আফরোজা খানম মানিকগঞ্জে অবস্থিত বালিয়াটি জমিদার বাড়ি এবং তেওতা জমিদার বাড়িকে পর্যটক আকর্ষণে উন্নয়ন করার জন্য সংস্কৃতি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

মন্ত্রীপরিষদ সচিব নাসিমুল গণির সভাপতিত্বে অধিবেশনে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী, সামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, প্রধানমন্ত্রীর সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডা জাহেদ উর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

/এফআর/