শিরোনাম

যুক্তরাষ্ট্র ভ্রমণে দূতাবাসের নতুন সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্র ভ্রমণে দূতাবাসের নতুন সতর্কবার্তা
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে ভ্রমণের পরিকল্পনা করছেন-এমন বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন করে সতর্কবার্তা জারি করেছে মার্কিন দূতাবাস।

মার্কিন দূতাবাস সূত্র জানিয়েছে, ভ্রমণের সময় নিজের খরচ বহনের মতো পর্যাপ্ত অর্থ না থাকলে বা সরকারি সুবিধার অপব্যবহার করলে নন-ইমিগ্র্যান্ট ভিসা বাতিল হতে পারে। এমনকি এসব কর্মকাণ্ড ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ঢোকার ক্ষেত্রে স্থায়ী অযোগ্যতার কারণও হতে পারে।

শনিবার (১৪ মার্চ) ভ্রমণসংক্রান্ত এক বিশেষ বার্তায় দূতাবাস এ নির্দেশনা জানিয়েছে।

ওই বিশেষ বার্তায় বলা হয়, কোনো বিদেশি দর্শনার্থী যদি যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত জনকল্যাণমূলক সুবিধার অপব্যবহার করেন বা সেগুলোর ওপর নির্ভরশীল হয়ে পড়েন, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

দূতাবাসের সতর্কবার্তায় উল্লেখ করা হয়, পর্যটন, ব্যবসা, শিক্ষার্থী, সাংবাদিকতা কিংবা ট্রানজিট—সব ধরনের নন-ইমিগ্র্যান্ট ভিসাধারীদের ক্ষেত্রে এই নিয়ম কঠোরভাবে প্রযোজ্য হবে।

মার্কিন দূতাবাসের বার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্রে ভ্রমণের সময় নিজের খরচ নিজে বহন করার মতো সক্ষমতা আছে কিনা, তা আগেভাগেই নিশ্চিত করতে হবে। বিশেষ করে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা চিকিৎসাজনিত জরুরি অবস্থায় যারা করদাতাদের অর্থে পরিচালিত চিকিৎসা বা অন্যান্য সুযোগ-সুবিধা গ্রহণ করবেন, তাদের ভিসা তাৎক্ষণিক বাতিল হওয়ার ঝুঁকি রয়েছে।

দূতাবাস সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে ভ্রমণের আবেদন করার সময়ই আর্থিক সচ্ছলতার প্রমাণ দিতে হয়। কিন্তু অনেক সময় দর্শনার্থীরা সেখানে গিয়ে স্থানীয় সরকারি সুবিধা বা বিনা মূল্যে পাওয়া যায় এমন সেবার ওপর নির্ভরশীল হয়ে পড়েন। বর্তমান পরিস্থিতিতে এই ধরনের অনিয়ম রোধে ওয়াশিংটন আরও কঠোর অবস্থান নিয়েছে।

/বিবি/