বদলির পরও সরকারি বাসায় থাকলে গুনতে হবে দ্বিগুণ ভাড়া

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
বদলির পরও সরকারি বাসায় থাকলে গুনতে হবে দ্বিগুণ ভাড়া
ছবি: সিটিজেন জার্নাল গ্রাফিক্স

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বাসায় অবস্থান নিয়ে সতর্কবার্তা দেওয়া হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার বাইরে বদলি বা পদায়ন হওয়ার পরও সরকারি বাসায় অবস্থান করলে নির্ধারিত সময় শেষে দ্বিগুণ হারে বাড়িভাড়া দিতে হবে। এ বিষয়ে সতর্ক করে সম্প্রতি একটি চিঠি দিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন সরকারি আবাসন পরিদপ্তর।

গত ১৯ নভেম্বর সব সিনিয়র সচিব ও সচিব, বিভিন্ন অধিদপ্তর ও দপ্তরের প্রধান, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো চিঠিতে এ বিষয়ে অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

বাংলাদেশ বরাদ্দ বিধিমালা, ১৯৮২ অনুযায়ী, বদলির পর সাধারণত ২ মাসের মধ্যে সরকারি বাসার দখল ছাড়তে হয়। তবে সন্তানের লেখাপড়ার বিষয় বিবেচনায় সরকারের ইচ্ছাধীন ক্ষমতাবলে সর্বোচ্চ ৬ মাস পর্যন্ত বরাদ্দ বহাল রাখার বিধান রয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সরকারি আবাসন পরিদপ্তরের আওতাধীন বাসা বরাদ্দ পেয়ে থাকেন। পরবর্তী সময়ে দাপ্তরিক প্রয়োজনে তাদের অনেককে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের বাইরে বদলি করা হয়। কিন্তু অনেক ক্ষেত্রে বদলির তথ্য পরিদপ্তরে পাঠানো হয় না। আবার কেউ কেউ বদলির পর বিধি অনুযায়ী নির্ধারিত সময় পার হলেও সরকারি বাসা দখলে রাখেন, যা বাংলাদেশ বরাদ্দ বিধিমালা, ১৯৮২-এর পরিপন্থি।

চিঠিতে সতর্ক করে বলা হয়েছে, সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের বাইরে বদলি হওয়ার পরও অননুমোদিতভাবে সরকারি বাসায় অবস্থান করলে নির্ধারিত সময় শেষে দ্বিগুণ হারে বাড়িভাড়া প্রযোজ্য হয়।

অনেক কর্মকর্তা-কর্মচারী দাবি করেন, দ্বিগুণ হারে বাড়িভাড়া আদায়ের বিষয়টি তাদের জানা ছিল না। এ কারণে তারা অননুমোদিতভাবে বসবাসের জন্য ধার্য করা দ্বিগুণ ভাড়া মওকুফের আবেদন করেন। তবে বিধি অনুযায়ী অননুমোদিত অবস্থানের কারণে দ্বিগুণ হারে বাড়িভাড়া হিসেবে প্রাপ্য সরকারি অর্থ মওকুফ করার এখতিয়ার সরকারি আবাসন পরিদপ্তরের নেই বলে জানানো হয়েছে।

বাংলাদেশ বরাদ্দ বিধিমালা, ১৯৮২-এর ১৫(২) উপ-বিধিতে বলা হয়েছে, কোনো সরকারি কর্মচারী চাকরি থেকে বরখাস্ত, অপসারিত, পদত্যাগ, বদলি বা অবসরে গেলে কিংবা চুক্তিভিত্তিক চাকরি শেষ হলে তাঁকে দুই মাসের মধ্যে সরকারি বাসা ছেড়ে দিতে হবে। বিদেশে প্রেষণে গেলেও একই নিয়ম প্রযোজ্য।

বিধিমালার ১৫(৩) উপ-বিধিতে বলা হয়েছে, চাকরি থেকে বরখাস্ত, অপসারণ, পদত্যাগ, অবসর বা বদলির ক্ষেত্রে তার সন্তানের লেখাপড়ার বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার চাইলে আরও ৬ মাস পর্যন্ত বাসায় থাকার অনুমতি দিতে পারে। এটি সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

এছাড়া ১৯(২) উপ-বিধিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের পরও কেউ সরকারি বাসা দখলে রাখলে তাকে স্বাভাবিক বাড়িভাড়ার দ্বিগুণ হারে ভাড়া দিতে হবে। এই ভাড়া নির্ধারণ করা হবে জাতীয় বেতন স্কেল অনুযায়ী তার প্রাপ্য বাড়িভাড়া ভাতার ভিত্তিতে।

চিঠিতে আরও বলা হয়েছে, উপরে উল্লিখিত বিধিগুলো যথাযথভাবে অনুসরণ করে সময়মতো ব্যবস্থা গ্রহণে সবাই সচেষ্ট থাকা এবং অধীনস্থদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য পুনরায় বিশেষভাবে অনুরোধ করা হলো।

/জেএইচ/