নভেম্বর-ডিসেম্বর ও জানুয়ারি নিয়ে শঙ্কার কারণ নেই: এসআরবি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
নভেম্বর-ডিসেম্বর ও জানুয়ারি নিয়ে শঙ্কার কারণ নেই: এসআরবি
সংবাদ সম্মেলনে কথা বলছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৪)-এর পদাতিক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান

সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের বক্তব্য প্রচার করা হলেও নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারি নিয়ে দেশবাসীর আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৪)-এর পদাতিক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

মো. হাফিজুর রহমান বলেন, নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারি-এ ধরনের কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। দেশবাসীরও আতঙ্কিত হওয়ার কিছু নেই। এ ধরনের ঘোষণা বাংলাদেশের মানুষ আগেও অনেক শুনেছেন।

তিনি বলেন, কিছুদিন আগে শ্রমিকরা বেতন বৃদ্ধির জন্য দাবি-দাওয়া উপস্থাপন করেছেন। এ পর্যন্ত আন্দোলন যৌক্তিক। কিন্তু এই আন্দোলনের আড়ালে কিংবা আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে কিছু নাশকতাকারী বিভিন্ন জায়গায় নাশকতা করছে। ডিসেম্বরকে কেন্দ্র করেও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের বক্তব্য আসছে।

এসআরবির এই কর্মকর্তা বলেন, যারা ককটেল বিস্ফোরণ, গাড়িতে অগ্নিসংযোগসহ বিভিন্ন ধরনের নাশকতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় সম্পৃক্ত বেশ বড় সংখ্যক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। নাশকতা প্রতিরোধে আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করছি। স্থানীয় জনগণকে বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই। কারণ, অনেক নাশকতাকারীকে সাহসী জনগণ নিজেরাই পুলিশের কাছে সোপর্দ করেছেন।

জনগণকে এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনাদের কাছে কোনো ধরনের তথ্য থাকলে আমাদের সঙ্গে শেয়ার করবেন। এ ধরনের নাশকতা ইনশাআল্লাহ নিয়ন্ত্রণে চলে আসবে। ভয় পাওয়ার কিছু নেই।

/এসবি/