শিরোনাম

বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহী সংবাদদাতা
রাজশাহী সংবাদদাতা
বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজশাহী পুলিশ লাইনসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজির আহমেদ

সাবেক আইজিপি বেনজির আহমেদের জামিনে মুক্তি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পলাতক আসামির জামিন বাতিল করে দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকার আইনগত প্রক্রিয়া জোরদার করেছে। আমরা দুবাইয়ে একটি ল’ ফার্ম নিয়োগ করেছি। সার্টিফায়েড কপি সংগ্রহের চেষ্টা চলছে। আশা করছি, খুব দ্রুত জামিন বাতিল করে তাকে দেশে ফিরিয়ে আনতে পারবো।

রবিবার (২ আগস্ট) বিকালে রাজশাহী পুলিশ লাইনস ড্রিল শেডে রাজশাহী রেঞ্জ ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আয়োজনে সব পুলিশ ইউনিটের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) গ্রেপ্তারের পর দুই মাস পূর্ণ হওয়ার আগেই শর্তসাপেক্ষে জামিনে মুক্তি পেয়েছেন বাংলাদেশের পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদ। সোমবার (২৭ জুলাই) দেশটির আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) আইনি প্রক্রিয়া শেষে তিনি কারামুক্ত হন।

বেনজীর আহমেদ জামিনের বিষয়ে প্রশ্ন করলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি এখন শুনলাম স্টেজে বসে। সঙ্গে সঙ্গেই স্বরাষ্ট্র সচিবের কথা বলেছি। তিনি দুবাইয়ে আমাদের রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেছেন।

তিনি আরও বলেন, আমরা কয়েকদিন আগেই ল’ ফার্ম নিয়োগ করেছি, শুধু এই বিষয়টার জন্য। বেনজীরের জামিন বাতিলের জন্য আদালতে সুপারিশ করতে তাকে নির্দেশনা দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা চেষ্টা করছি। আশা করছি জামিন বাতিল করে দ্রুততম সময়ে তাকে দেশে ফেরত আনতে পারবো।

এদিকে ঢাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদও বেনজীর আহমেদের জামিনের বিষয়ে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, আরব আমিরাত সরকারের সঙ্গে যোগাযোগ অব্যাহত আছে। বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার সব চেষ্টাই করা হচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিষয়ে সংযুক্ত আরব আমিরাত সরকারের সঙ্গে আমাদের যোগাযোগ অব্যাহত রয়েছে। আমিরাত কর্তৃপক্ষ আমাদের কাছে সুনির্দিষ্ট কিছু তথ্য ও নথিপত্র জানতে চেয়েছিল। দেশের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেই কাঙ্ক্ষিত তথ্যগুলো এরইমধ্যে তাদের কাছে সরবরাহ করা হয়েছে।

প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পর্কে শামা ওবায়েদ বলেন, সংযুক্ত আরব আমিরাতের নিজস্ব আইন অনুযায়ী তারা এই বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা ও পদক্ষেপ নিচ্ছে। একইসঙ্গে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও তাদের সঙ্গে সার্বক্ষণিক আলোচনা চালিয়ে যাচ্ছে। তথ্য আদান-প্রদান ও আইনি প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

/এফসি/